প্যারিস অলিম্পিকের টেনিসে ছেলেদের এককে ফাইনালে উঠে পদক নিশ্চিত করলেন স্পেনের কার্লোস আলকারাজ। বর্তমানে বিশ্বের এক নম্বর খেলোয়াড়টি আজ প্রথম সেমিফাইনালে কানাডার ফেলিক্স অগার-আলিয়াসিমেকে হারান সরাসরি ৬-১, ৬-১ গেমে। রোববারের ফাইনালে তার প্রতিপক্ষ হতে পারেন নোভাক জোকোভিচ। ২৪ বারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন জোকোভিচ আজ দ্বিতীয় সেমিফাইনালে খেলবেন ইতালির লরেঞ্জো মুসেত্তির বিপক্ষে।

 

চারবারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন আলকারাজ এ বছর ফ্রেঞ্চ ওপেন জিতেছেন। সেই রোলাঁ গারোঁয় খেলা বলেই বাড়তি উদ্দীপনা পাচ্ছেন ২১ বছর বয়সী তারকা। যদিও দ্বৈতে ব্যর্থ হয়েছেন। রাফায়েল নাদালকে নিয়ে জুটি বেধে কোয়ার্টার ফাইনালে হেরেছেন যুক্তরাষ্ট্রের অস্টিন ক্রাজিচেক ও রাজীব রামের কাছে।

 

এ বছর উইম্বলডন ফাইনালে জোকোভিচকে হারান আলকারাজ। এবার অলিম্পিক ফাইনালে দুজনের লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।

 

মেয়েদের এককে শনিবার ফাইনাল। তার আগে আজ ব্রোঞ্জ ম্যাচে স্লোভাকিয়ার আনা ক্যারোলিনা স্মিয়েলদোভার মুখোমুখি হবেন শীর্ষ র‍্যাংকধারী খেলোয়াড় ইগা সিয়ানতেক। সেমিফাইনালে তাকে হারিয়েছেন চীনের কিনওয়েন ঝেং। ফাইনালে ঝেং মুখোমুখি হবেন ক্রোয়েশিয়ার ডোনা ভেকিচের।