আগামী ৩০ আগস্ট পাকিস্তান
ও শ্রীলংকার মাটিতে শুরু হবে ছয় জাতির এশিয়া কাপ-২০২৩। এরপর ৫ অক্টোবর ভারতে শুরু হবে
ওয়ানডে বিশ্বকাপ আসর। এই দুটি বড় আসরের ব্যস্ততার মধ্যেই নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের
মাঠে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। মূলত এই সিরিজ দিয়েই বিশ্বকাপের আগে
নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাবে সাকিব আল হাসানের দল। বিশ্বকাপের পরে বাংলাদেশের মাটিতে
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে কিউইরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড
(বিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিউজিল্যান্ড ক্রিকেট দলের ঢাকায় আগমন ও সিরিজের
সূচি প্রকাশ করেছে। আগামী ১৭ সেপ্টেম্বর কলম্বোয় এশিয়া কাপ ফাইনাল। সেদিনই ওয়ানডে সিরিজ
খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।
সফরে তিনটি ওয়ানডে ম্যাচ
খেলবে নিউজিল্যান্ড, তিনটি ম্যাচই হবে শেরেবাংলা স্টেডিয়ামে। ম্যাচগুলো যথাক্রমে ২১,
২৩ ও ২৬ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ শুরু হবে বেলা ২টায়।
ওয়ানডে সিরিজ শেষে দুই
দলই চলে যাবে ভারতে। বিশ্বকাপ শেষে দুই টেস্টের সিরিজ খেলতে ২১ নভেম্বর আবার বাংলাদেশে
আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ২৮ নভেম্বর থেকে প্রথম টেস্ট ও ৬ ডিসেম্বর শুরু হবে
দ্বিতীয় টেস্ট।
প্রায় ১০ বছর পর ওয়ানডে
সিরিজ খেলতে বাংলাদেশে আসছে কিউইরা। এর আগে বাংলাদেশের মাটিতে তারা ওয়ানডে সিরিজ খেলেছে
২০১৩ সালে। এবারের টেস্ট দুটি ২০২৩-২৫ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এবং
নতুন চক্রে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ।
সিরিজ শুরুর আগে ২৩ ও
২৪ নভেম্বর একটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে কিউইরা। প্রস্তুতি ম্যাচ ও দুই টেস্টের
ভেন্যু প্রকাশ করেনি বিসিবি।










