আন্তঃউপজেলা ও আন্তঃজেলা পর্ব শেষে আজ শুরু হচ্ছে ‘শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ২০২৩’-এর চূড়ান্ত পর্বের লড়াই। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে গেমসের চূড়ান্ত পর্বের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ব্যবস্থাপনায় ২০১৮ সালে প্রথমবারের মতো যুব গেমসের আয়োজন করা হয়েছিল। প্রথম আসরে ২১টি ডিসিপ্লিনে ৫০ হাজার ক্রীড়াবিদ, কোচ, কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক অংশ নিয়েছিল। এবার দ্বিতীয় আসরে ২৪টি ডিসিপ্লিনে ৬০ হাজার হাজার ক্রীড়াবিদ, কোচ, কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক অংশগ্রহণ করছে।
চূড়ান্ত পর্বে ২৪টি ডিসিপ্লিনের (তরুণ-তরুণী, একক-দলীয়) ১৯৩টি ইভেন্টে ১৯৩টি স্বর্ণ, ১৯৩টি রৌপ্য ও ২৮৭টি তাম্র পদকের জন্য প্রায় চার হাজার ক্রীড়াবিদ লড়াই করবেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের নামে যুব গেমসের এ আসরের নামকরণ ‘শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ২০২৩।’ এবারের গেমসও আন্তঃউপজেলা, জেলা ও বিভাগ বা জাতীয়—এ তিন স্তরে পরিচালিত হচ্ছে। গত ২-১০ জানুয়ারি প্রথম পর্বে আন্তঃউপজেলা ও ১৬-২২ জানুয়ারি দ্বিতীয় পর্বে আন্তঃজেলা পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর আটটি বিভাগ থেকে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে ঢাকায় জাতীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হচ্ছে।
শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস সাংগঠনিক কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কো-চেয়ারম্যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন। এছাড়া গেমস আয়োজনের রয়েছে স্টিয়ারিং কমিটি এবং ১৩টি উপ-কমিটি।
উদ্বোধনী অনুষ্ঠানে মশাল প্রজ্বলন করবেন এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদকজয়ী স্প্রিন্টার ইমরানুর রহমান ও ১৩তম এসএ গেমসে স্বর্ণপদকজয়ী কারাতেকা মারজান আক্তার। গেমসে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের পক্ষে শপথবাক্য পাঠ করবেন বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। বিচারকদের পক্ষে শপথবাক্য পাঠ করবেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক ফিফা এলিট রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান।
আগামী ৪ মার্চ পর্দা নামবে সাতদিনব্যাপী শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।
বুধবার সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।










