ত্রয়োদশ নারী ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয় হারের স্বাদ পেল বাংলাদেশ। পাকিস্তানকে হারিয়ে শুভসূচনা করা নিগার সুলতানার দল এরপর টানা হারল ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে। গতকাল ভারতের গুয়াহাটিতে কিউই মেয়েদের ২২৭ রানে আটকে ফেলেও জিততে পারেনি তারা। হার ১০০ রানের ব্যবধানে।
দারুণ বোলিংয়ে ৩৮ রানের মধ্যে নিউজিল্যান্ডের ৩ উইকেট তুলে নেন বাংলাদেশের বোলাররা। পরে অধিনায়ক সোফি ডিভাইন ও ব্রুক হলিডের ১১২ রানের জুটিতে দলকে নিরাপদে পৌঁছে যায়। ৬৯ রান করেন হলিডে। ডিভাইন করেন ৮৫ বলে ৬৩ রান। স্পিনার রাবেয়া খান ৩০ রানে তিনটি উইকেট নেন। এ রান তাড়া করতে নেমে বাংলাদেশের টপ ও মিডল অর্ডার শোচনীয় ব্যর্থতার পরিচয় দিয়ে ৩৩ রানে হারায় ৬ উইকেট। কিউইদের বিশ্বমানের বোলিং লাইনআপের বিপক্ষে সেই ক্ষত আর কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। ৩৯.৫ ওভার টিকে থেকে ১২৭ রানে সব উইকেট হারায় লাল-সবুজরা। ফাহিমা খাতুন ২৯ ও রাবেয়া খান ২৫ রান করেন।
সোমবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ টানা দুটিতে হারলেও প্রোটিয়া নারীরা জিতেছে টানা দুই ম্যাচ।










