বৃষ্টিভেজা সিলেটের মাঠে
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তটা দারুণভাবে কাজে লাগাল বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই
ব্রেকথ্রু এনে দেন পেসার খালেদ আহমেদ। এরপর একে একে ফেরালেন প্রতিপক্ষের আরো দুই ব্যাটারকে।
টস হেরে ব্যাট করতে নেমে টাইগার এই পেসারের তোপে দলীয় ৫৭ রানের আগেই পাঁচ উইকেট হারিয়ে
চাপে পড়ে গেছে শ্রীলংকা।
যদিও এরপর হাত ধরেন অধিনায়ক
ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। দুজনের দৃঢ়তায় ২২ ওভারে ৫ উইকেটে ৯২ রান তুলে
মধ্যাহ্ন ভোজের বিরতিতে যায় অতিথি দলটি। ফেরার পর এ প্রতিবেদন লেখা পর্যন্ত দলটির সংগ্রহ
ছিল ২৫ ওভারশেষে ১০৩/৫। ধনাঞ্জয়া ৩৪ ও মেন্ডিস ১৩ রানে ব্যাট করছিলেন।
এর আগে ইনিংসের দ্বিতীয়
ওভারেই নিশান মাদুস্কাকে ফেরান খালেদ আহমেদ। তার ফুল লেংথ ডেলিভারি ড্রাইভ করার চেষ্টায়
লংকান ওপেনারের ব্যাটের বাইরের কানায় লেগে চলে যায় উইকেটের পেছনে। তৃতীয় স্লিপে দুর্দান্ত
ক্যাচ নেন মেহেদী হাসান মিরাজ। ৯ বলে ২ রান করে ফেরেন মাদুস্কা।ফলে দলীয় ৩ রানের প্রথম
উইকেট হারায় শ্রীলংকা।
মাদুস্কার উইকেট দ্রুত
হারানোর পর দ্বিতীয় উইকেট জুটিতে চাপ সামাল দিচ্ছিলেন দিমুথ কারুনারাত্নে ও কুশাল মেন্ডিস।
৫৭ বলে ৩৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর আভাস দিচ্ছিলেন তারা। তবে কুশাল মেন্ডিস ভালো
শুরু পেলেও ইনিংস বড় করতে পারলেন না।
১২তম ওভারের দ্বিতীয় বলে
দারুণ এক বাউন্সার বুঝে উঠতেই পারলেন না তিনি। গালি অঞ্চলে ক্যাচ লুফে নেন জাকির। ফেরার
আগে ২ চারে ২৬ বলে ১৬ রান করেন মেন্ডিস। একই ওভারে দিমুথ করুনারত্নেকেও সাজঘরে পাঠালেন
টাইগার এই পেসার। অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে ঠিকঠাক খেলতে পারলেন না লঙ্কান এই
ওপেনার। ব্যাটের ফাঁক গলে বল গিয়ে আঘাত হানে স্ট্যাম্পে।
টপঅর্ডারের তিন ব্যাটারকে
হারিয়ে দল যখন ধুঁকছে, তখন চাপ আরো বাড়াল অ্যাঞ্জেলো ম্যাথুজের ‘দৃষ্টিকটু’ রানআউট।
খালেদ আহমেদের করা বল কাভারের দিকে ঠেলে সিঙ্গেলসের জন্য দৌড় দিয়েছিলেন দিনেশ চান্দিমাল।
অন্যপ্রান্তে ম্যাথুজ যতক্ষণে এসে পৌঁছলেন, তার আগেই মিড-অফ থেকে দৌড়ে এসে সরাসরি থ্রোয়ে
স্টাম্প ভেঙে দেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৭ বলে ৫ রান করেই বিদায়ঘণ্টা
বাজল ম্যাথুজের। এরপরে শরীফুলের শিকার হন দিনেশ চান্দিমাল।
আজ শুক্রবার সিলেট আন্তর্জাতিক
ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন লংকান অধিনায়ক ধনাঞ্জয়াকে।
এই ম্যাচে বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হয়েছে পেস বোলার নাহিদ রানার।










