বুধবার দিবাগত রাতে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাত ১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হবে মুমিনুল হকের দল। সফরে কিউইদের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।

নিউজল্যান্ডে গিয়ে প্রথমে এক সপ্তাহের কোয়ারেন্টিনে থাকতে হবে ক্রিকেট দলকে। এর পর শুরু হবে অনুশীলন।

আগামী বছরের ১ জানুয়ারি থেকে তৌরাঙ্গায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ক্রাইস্টচার্চে ৯ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। দুটি টেস্টের খেলাই বাংলাদেশ সময় ভোর ৪টা থেকে শুরু হবে। এর আগে গত ৪ ডিসেম্বর নিউজিল্যান্ড সফরের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ চৌধুরী রাহী, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ, শহীদুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম।