এশিয়ান বিচ গেমস কাবাডিতে দারুণ শুরু করেছে বাংলাদেশ নারী দল। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ থাইল্যান্ডকে ৫১–৩৪ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

চীনের সানিয়ায় আজ শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলে বাংলাদেশ। প্রথমার্ধেই ১০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকে তারা। দ্বিতীয়ার্ধেও ধারাবাহিকতা বজায় রেখে ব্যবধান আরো বাড়ায়।

পুরো ম্যাচজুড়ে আক্রমণ ও রক্ষণ—দুই বিভাগেই আধিপত্য দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। বিশেষ করে শেষ দিকে থাইল্যান্ড কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বাংলাদেশের কৌশলী খেলার সামনে তারা আর ম্যাচে ফিরতে পারেনি।

ম্যাচে বাংলাদেশ সংগ্রহ করে ৫১ পয়েন্ট, আর থাইল্যান্ড থেমে যায় ৩৪ পয়েন্টে।

এ জয়ের ফলে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে শক্ত অবস্থানে আছে বাংলাদেশ। আগামীকাল দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিদ্বন্দ্বী নেপাল।