দ্বাদশ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে আজ রোববার ভারতকে ৩৪৮ রানের বিশাল টার্গেট দেয় পাকিস্তান। দুবাইয়ে আগে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ৩৪৭ রান তুলতে সমর্থ হয় পাকিস্তান। জবাব দিতে নেমে ২৬.২ ওভারে ১৫৬ রানে অলআউট হয়ে গেছে ভারত। ১৯১ রানের বিশাল জয়ে দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপা জয়ের কৃতিত্ব দেখাল পাকিস্তান।

এর আগে সামির মিনহাসের অনবদ্য ইনিংসে ভর করে ৩৪৭ রানের সৌধ গড়ে পাকিস্তান। মাত্র ১১৩ বলে ১৭টি বাউন্ডারি ও ৯ ছক্কায় ১৭২ রান করেন তিনি। এছাড়া আহমেদ হুসাইন ৭২ বলে ৫৬ রান করেন। দিপেশ দেবেন্দ্র ৮৩ রানে ৩টি উইকেট নেন।

গত ১২ ডিসেম্বর মালয়েশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ১৪৮ বলে ১৭৭ রান করেছিলেন মিনহাস। আজ শিরোপা নির্ধারণী ম্যাচেও হাসল তার ব্যাট। আজ তিনি আরো বেশি আগ্রাসী ছিলেন। রান তুলেছেন ১৫২.২১ স্ট্রাইক রেটে।

এরপর পাকিস্তানের আলী রাজা (৪/৪২), মোহাম্মাদ সাইয়াম (২/৩৮), আব্দুল সুবহান (২/২৯) ও হুজাইফার আহসানের (২/১২) দুর্দান্ত বোলিংয়ের মুখে দেড়শ রানে অলআউট হয়ে যায় ভারত।

যুব এশিয়া কাপে সর্বোচ্চ আটবার শিরোপা জিতেছে ভারত। এছাড়া বাংলাদেশ ও পাকিস্তান দুবার করে এবং আফগানিস্তান একবার চ্যাম্পিয়ন হয়েছে। ২০১২ সালে শিরোপা ভাগাভাগি করে ভারত ও পাকিস্তান। এককভাবে এবারই প্রথম শিরোপা জিতল তারা।