ভয়াবহ অর্থনৈতিক সংকট চলছে শ্রীলংকায়। এর প্রভাব পড়েছে দেশটির ক্রীড়াঙ্গনেও। ডলার সংকটের কারণে অনেক জাতীয় ক্রীড়া সংস্থা আন্তর্জাতিক প্রতিযোগিতায় দল পাঠাতে পারছে না।

আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেলে প্রতিযোগীদের হোটেলে থাকার বিল এবং সংশ্লিষ্ট খরচ ডলারে পরিশোধ করতে হয়। কিন্তু স্থানীয় ব্যাংক ক্রেডিট সুবিধা না দেয়ায় শ্রীলংকার আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছে না।

শ্রীলংকার এশিয়ান ও বিশ্ব পর্যায়ের অনেক আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করার কথা থাকলেও ডলার সংকটের কারণে অনেক ক্রীড়া সংস্থা তাদের এন্ট্রি জমা দিতে পারছে না।

এদিকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ, বিদেশে অনুশীলন ও বিদেশি কোচদের বেতন পরিশোধে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (এনএসসি) ও হাই পারফরম্যান্স স্পোর্টস প্রোগ্রামের ওপর নির্ভরশীল ৩০টি ক্রীড়া সংস্থা। যদিও চলমান সংকটের কারণে এনএসসি এ মুহূর্তে নিষ্ক্রিয় প্রায়। তাই এই ৩০টি ক্রীড়া সংস্থার কার্যক্রমও স্থবির  হয়ে পড়েছে।

ডলার সংকটের কারণে এ বছর ভলিবল (পাঁচটি), অ্যাথলেটিক্স (চার), ফুটবল (দুই), ব্যাডমিন্টন (তিন), ভারোত্তোলন, নেটবল, টেবিল টেনিস, জুডো ও কুস্তিসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ নাও করতে পারে শ্রীলংকা। ডেইলি মিরর