অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে নবম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছে ভারত। রোহিত শর্মার দলের সামনে তৃতীয় শিরোপার হাতছানি। এর আগে ২০০২ সালে শ্রীলংকার সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ার পর ২০১৩ সালে দ্বিতীয়বার চ্যাম্পিয়নস ট্রফিতে শ্রেষ্ঠত্ব দেখায় ভারত।
আজ সেমিফাইনালে চাপের মুখে চওড়া হলো বিরাট কোহলির ব্যাট। অস্ট্রেলিয়ার ছুড়ে দেয়া ২৬৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪৩ রানের মধ্যে দুই ওপেনার শুবমান গিল ও রোহিত শর্মাকে হারিয়ে বিপদে পড়ে ভারত। তখনই দুর্দান্ত লড়াই করলেন কোহলি। তাকে সুযোগ্য সঙ্গ দিলেন শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল ও লোকেশ রাহুল। এ শ্রেয়াসের সঙ্গে ১১১ বলে ৯১, অক্ষরের সঙ্গে ৪৪ ও লোকেশের সঙ্গে ৪৭ রানের জুটি গড়ে ভারতকে জিতিয়েছেন কোহলি।
শেষ দিকে হার্দিক পান্ডিয়া ২৪ বলে এক বাউন্ডারি ও তিন ছক্কায় ২৮ রানের মহামূল্যবান ইনিংস খেলে ভারতের জয় নিশ্চিত করেন। এর আগে ৫৪ রানের মধ্যে কুপার কনোলি ও ট্রাভিস হেডকে হারানোর পর স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারির ফিফটিতে ভর করে ভারতকে ২৬৫ রানের টার্গেট দিতে সমর্থ হয় অস্ট্রেলিয়া। স্মিথ ৯৬ বলে ৭৩ ও ক্যারি ৫৭ বলে ৬১ রান করেন। মোহাম্মদ শামি ৪৮ রানে ৩ উইকেট নেন।
বুধবার লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। রোববার দুবাইয়ে ফাইনাল।










