বাংলাদেশের বিপক্ষে টেস্ট চলাকালীন কভিড পজিটিভ হয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার সারেল আরউই ও উইয়ান মুলডার। যারা বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনও খেলেছেন। অসুস্থ বোধ করায় আজ চতুর্থ দিন মাঠে নামার আগে কভিড পরীক্ষা করা হয় তাদের। পরীক্ষায় দুজনেরই পজিটিভ রিপোর্ট আসে।
ফলে গতকাল চতুর্থ দিন মাঠে নামা হয়নি তাদের। ওপেনি ব্যাটার আরউইর পরিবর্তে খায়া জন্ডো ও পেস অলরাউন্ডার মুলডারের পরিবর্তে গ্লেনটন স্টুরম্যানকে নিয়ে চতুর্থ দিন ফিল্ডিং করে দক্ষিণ আফ্রিকা।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান মেডিকেল কর্মকর্তা ডা. শুয়াইব মঞ্জরা বলেছেন, দুইজন খেলোয়াড় কভিড আক্রান্ত হয়েছেন। তারা দুইজন টিম হোটেলে কোয়ারেন্টাইনে আছেন। টিমের মেডিকেল স্টাফরা তাদের দেখভাল করছেন। আসলে এটা একটা দুঃখজনক পরিস্থিতি, তবে অপ্রত্যাশিত নয়। কারণ, কঠোর বায়ো-বাবলের পরিবর্তে এই সিরিজটি হচ্ছিল এমইই প্রটোকলে। মূলত বায়ো বাবলের কারণে খেলোয়াড়দের মানসিক অবস্থার ওপর ভীষণ চাপ পড়ে। তাছাড়া এমইই দক্ষিণ আফ্রিকা সরকার অনুমোদিত প্রটোকল। এর আগে দক্ষিণ আফ্রিকার দুজন ও বাংলাদেশের একজন কোচিং স্টাফ কভিড আক্রান্ত হন।










