আগামী ১ জুলাই
থেকে ২১ জুলাই অনুষ্ঠেয় পঞ্চম লংকা প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেলেন বাংলাদেশের ডানহাতি
পেস তারকা তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। আজ মঙ্গলবার নিলামে তাসকিনকে ৫০ হাজার
ডলারে কিনেছে কলম্বো স্ট্রাইকার্স। আর বামহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে নিলামের আগেরদিন
সরাসরি কিনেছে ডাম্বুলা থান্ডার্স।
আরেক বামহাতি
পেসার শরিফুল ইসলাম গত মৌসুমে খেললেও এবার কেউ কেনেনি তাকে। শরিফুলের ভিত্তিমূল্য ছিল
৩০ হাজার ডলার।
দল পাননি মুশফিকুর
রহিম, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। বাংলাদেশের অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুরের
ভিত্তিমূল্য ছিল ৫০ হাজার ডলার। যদিও ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারকে কেউ কেনেনি। অবিক্রিত
থেকেছেন বাংলাদেশ দলনায়ক শান্তও। তার ভিত্তিমূল্য ছিল ৪০ হাজার ডলার। ৩০ হাজার ডলার
খরচ করে কেউ নেয়নি লিটনকে। ওপেনার তামিম চেয়েছিলেন ৪০ হাজার, যদিও তাকে কেনেনি কেউ।
মুস্তাফিজুর
রহমান সদ্যই আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলে এসেছেন। জাতীয় দলের প্রয়োজনে তিনি
টুর্নামেন্ট শেষ না করেই দেশে ফিরে এসেছেন। তাকে ২ কোটি রূপিতে কিনেছিল আইপিএলের পাঁচবারের
চ্যাম্পিয়নরা। এবার টুর্নামেন্টের শুরু থেকেই তিনি চেন্নাইয়ের প্রাণভোমরা হয়ে ওঠেন।
৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে তিনি চেন্নাইয়ের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। তার চেয়ে বেশি
১৭টি উইকেট নেন তুষার দেশপান্ডে। আইপিএলের সেই পারফরম্যান্সই মুস্তাফিজকে এলপিএলে সহজেই
দল পাইয়ে দিল।
১০ হাজার,
২০ হাজার, ৩০ হাজার, ৪০ হাজার ও ৫০ হাজার ডলারের পাঁচটি ক্যাটাগরি ছিল নিলামে। খেলোয়াড়রা
এর যেকোনোটিতে নিজেদের নাম তুলতে পেরেছেন।
গত মৌসুমে পেস বোলার দিলশান মদুশঙ্কাকে রেকর্ড ৯২ হাজার
ডলারে কিনেছিল জাফনা কিংস। এবার মাথিসা পাথিরানাকে ১ লাখ ২০ হাজার ডলারে কিনে নতুন
রেকর্ড গড়ল কলম্বো।










