জুন-জুলাইয়ে শেষ হলো কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপ আসর। তারপর বিশ্ব বুঁদ হয়ে ছিল ৩৩তম প্যারিস অলিম্পিক গেমস নিয়ে। সেটিও শেষ হলো গত রোববার। তিনটি বড় ক্রীড়া আসর শেষে এবার ইউরোপের ঘরোয়া লিগ শুরুর তোড়জোড়। খুব বেশি দেরি নেই। আগামী শুক্রবার মাঠে গড়াতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ৩৩তম আসর ও সব মিলে ইংল্যান্ডের ১২৬তম শীর্ষ লিগের আসর।

 

স্প্যানিশ লা লিগা শুরু হবে তারও একদিন আগে, ১৫ আগস্ট। জার্মান বুন্দেসলিগা শুরু হবে ২৩ আগস্ট, ইতালির সিরি-এ লিগ শুর হবে ১৭ আগস্ট ও ফরাসি লিগ ওয়ান শুরু হবে ১৬ আগস্ট।

 

টানা পঞ্চমবারের মতো প্রিমিয়ার লিগ শিরোপা মিশনে নামছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দল এবারও শিরোপা জিততে আত্মবিশ্বাসী। রোববার চেলসির বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা মিশন শুরু করবে সিটিজেনরা। নতুন মৌসুম সামনে রেখে সিটির অধিনায়ক কাইল ওয়াকার বিবিসিকে বলেছেন, ‘প্রিমিয়ার লিগের শিরোপা ভাগ্য এখন আমাদের নিজেদেরই হাতে। আমরা পারি ধরে রাখতে, আমরা পারি হারাতে। আগে হলে এটা আমি বলতাম না, কিন্তু আমরা টানা চারবার করে দেখিয়েছি—এটা এখন আমাদেরই ট্রফি মনে হয়। আমি নিশ্চিত করতে পারি, যখন আপনি নিজের হাতে থাকা অস্ত্র ও কাঁধের ব্যাজের দিকে তাকাবেন তখন অন্যরকম অনুভুতি কাজ করবে। এটা লম্বা সময় টিকে থাকতে পারে।’

 

গত মৌসুমে তুমুল লড়াইয়ের পর মাত্র দুই পয়েন্টের ব্যবধানে আর্সেনালকে পেছনে ফেলে শিরোপা জিতে নেয় ম্যানচেস্টার সিটি। যদিও মৌসুমের শুরু থেকে লম্বার সময় ধরে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছিল আর্সেনাল। শেষ মুহূর্তে সিটির সঙ্গে আর পেরে ওঠেনি মিকেল আরতেতার দল। আরেকবার শিরোপা জয়ের লক্ষ্যে নামছে গানাররা। ২০০৪ সালের পর আর প্রিমিয়ার লিগ শিরোপা জেতা হয়নি তাদের।

 

গত মৌসুমে ফ্রান্সে প্যারিস সেন্ট জার্মেই, ইতালিতে ইন্টার মিলান, জার্মানিতে লেভারকুসেন ও স্পেনে রিয়াল মাদ্রিদ শিরোপা জয় করে।