ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে প্রথম জয় তুলে নিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিগার সুলতানার দল আজ হ্যামিলটনে পাকিস্তানকে হারিয়েছে ৯ রানে। ২৩৫ রানের টার্গেটে ব্যাটিং করা পাকিস্তান ৯ উইকেটে ২২৫ রান তুলতে সমর্থ হয়। এই জয় ফিরিয়ে এনেছে নিরানব্বইয়ের স্মৃতি। ১৯৯৯ সালে ইংল্যান্ডের নর্দাম্পটনশায়ারে পাকিস্তানকে ৬২ রানে হারিয়েছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। বিশ্বকাপে এমন ঐতিহাসিক জয় তুলে নিয়ে আনন্দে ভাষাহীন নারীরা। 

 

ঐতিহাসিক জয়ের পর ৩৮ রানে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা ফাহিমা খাতুন তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, সবার আগে আমি আল্লাহকে ধন্যবাদ দিতে চাই। আমি সব সময়ই আমার দলের জন্য খেলতে তৈরি থাকি এবং মোটেও নার্ভাস ছিলাম না। ঠিক জায়গায় বল ফেলার চেষ্টা করে গেছি এবং এভাবেই সাফল্য পেয়েছি। দলের হয়ে পারফর্ম করতে পেরে আমি খুবই রোমাঞ্চিত ও সুখী।

 

বাংলাদেশ দলনায়ক নিগারের অনুভুতি ঝরে পড়ল এভাবে, আমি এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না। বিশ্বকাপে এটা আমাদের প্রথম জয়। আজ আমরা ইতিহাস রচনা করেছি। এখন টুর্নামেন্টজুড়ে এই ছন্দটা আমরা টেনে নিতে চাই। জয় আমাদের আত্মবিশ্বাস এনে দিয়েছে। আমরা ভালো একটি দল এবং উন্নতির ধারায় রয়েছি।

 

৮ উইকেট হাতে নিয়েও ৪৯ বলে ৫২ রান করতে না পেরে বাকরুদ্ধ পাকিস্তান দলনায়ক বিসমাহ মারুফ। তিনি বললেন, এটা হজম করা কঠিন। আমরা তো ম্যাচেই ছিলাম, যদিও মাঝে কিছু বাজে শট আমাদের ডুবিয়েছে। সিদ্রা অসাধারণ ব্যাট করেছে, যদিও ম্যাচটি শেষ করে না আসায় সে হয়তো হতাশ। কাছাকাছি গিয়েও দুটি ম্যাচে আমরা জয় তুলে নিতে ব্যর্থ হলাম।