উত্তর আমেরিকার তিন দেশ
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ আসর।
ওই বিশ্বকাপ সামনে রেখে বাছাইপর্বের প্রথম রাউন্ডের এশিয়া অঞ্চলের ড্র আজ বৃহস্পতিবার
অনুষ্ঠিত হয়ে গেল মালয়েশিয়ায়। প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। সম্প্রতি
ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে মালদ্বীপকে হারিয়ে দেয়
লাল-সবুজরা।
কুয়ালালামপুরে আজ অনুষ্ঠিত
ড্রতে র্যাংকিং অনুযায়ী বাংলাদেশ ছিল ২ নম্বর পটে। মালদ্বীপ ছিল পট-১-এ।
আগামী অক্টোবরে দুই লেগের
ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও মালদ্বীপ। ১২ অক্টোবর হবে প্রথম লেগের ম্যাচ, ফিরতি
লেগ ১৭ অক্টোবর। দুই লেগের লড়াইশেষে যারা এগিয়ে থাকবে, তারাই উঠবে দ্বিতীয় রাউন্ডে।
দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত
হবে ৩৬টি দলকে নিয়ে, ৯টি গ্রুপে ভাগ হয়ে। দ্বিতীয় রাউন্ডে উঠতে পারলে বিশ্বকাপ বাছাইপর্বে
আরো ৬ ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। অবশ্য সেখানে কঠিন পরীক্ষা অপেক্ষা করবে তাদের
জন্য। ‘আই’ গ্রুপে আগে থেকেই জায়গা পাওয়া অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিনের বিপক্ষে
খেলতে হবে বাংলাদেশকে, যদি তারা মালদ্বীপকে হারাতে পারে।
গত সাফ চ্যাম্পিয়নশিপে
গ্রুপ পর্বের দেখায় পিছিয়ে পড়েও মালদ্বীপকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। পরে সেমিফাইনাল
খেলে জামাল ভূঁইয়ার দল।
মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ
বাছাইয়ের এই ম্যাচের জন্য আগস্টে প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল।
বাছাইপর্বের প্রথম রাউন্ড
আফগানিস্তান খেলবে মঙ্গোলিয়ার বিপক্ষে, শ্রীলংকা খেলবে ইয়েমেনের বিপক্ষে, পাকিস্তান
খেলবে কম্বোডিয়ার বিপক্ষে, ভুটান খেলবে হংকংয়ের বিপক্ষে ও নেপাল খেলবে লাওসের বিপক্ষে।










