প্রতিপক্ষ বাংলাদেশ বিমান বাহিনীর বিদায় আগেই নিশ্চিত হয়ে গেছে। স্বাধীনতা কাপের শেষ আটে পৌঁছানোর সুযোগ ছিল উত্তর বারিধারার। কিন্তু আজ ‘বি’ গ্রুপে দিনের প্রথম ম্যাচে উত্তর বারিধারা ১-১ গোলে ড্র করে বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে। এই ড্রয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই তৃতীয় দল হিসেবে শেষ আট নিশ্চিত হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের।
বারিধারার তিন ম্যাচ শেষে পয়েন্ট দাঁড়ায় দুই। অন্যদিকে শেখ জামালের দুই ম্যাচে চার পয়েন্ট থাকায় তাদের শেষ আট নিশ্চিত হয়।
এই গ্রুপে অন্য দল শেখ রাসেল টানা দুই জয়ে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। শেখ জামাল নিজেদের দ্বিতীয় ম্যাচে বারিধারার সঙ্গে ড্র করায় কিছুটা ঝুঁকির মধ্যে পড়ে। বারিধারা আজ বিমানবাহিনীকে হারাতে পারলে জামালের সমান চার পয়েন্ট হতো। সেক্ষেত্রে শেখ জামালকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শেখ রাসেলের সঙ্গে ন্যূনতম ড্র করতে হতো পরের পর্ব খেলতে হলে। এখন শেষ ম্যাচে শেখ রাসেলের সঙ্গে হারলেও সমস্যা নেই শেখ জামালের। দুই দলই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবে কারণ গ্রুপ রানার্স আপ হলে কোয়ার্টার ফাইনালে মৌসুমের সেরা দল বসুন্ধরা কিংসের মুখোমুখি হতে হবে।










