মুলতান টেস্টে পাকিস্তান প্রথম ইনিংসে করে ৫৫৬ রান। এত রান করেও সেই স্বাগতিকরা এখন হতাশায় ডুবেছে। জো রুট ও হ্যারি ব্রুকের জোড়া ডাবল সেঞ্চুরিতে পিষ্ট পাকিস্তান। এ প্রতিবেদন লেখার সময় ১৩০ ওভারে ৩ উইকেটে ৬৫৮ রান তুলে চতুর্থ দিন লাঞ্চের বিরতিতে যায় ইংলিশরা। তাদের লিড ১০২ রানের। রুট ২৫৯ ও ব্রুক ২১৮ রানে অপরাজিত রয়েছেন।

রুট ১৭৬ ও ব্রুক ১৪১ রান নিয়ে চতুর্থ দিন ব্যাটিংয়ে নামেন। দুজনই প্রথম সেশনে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে নেন। রুট ৩০৫ বলে ও ব্রুক ২৪৫ বলে ২০০ রান ছুঁয়েছেন। পরে রুট ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর গড়েছেন। ২০১৬ সালে ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন ২৫৪ রানের ইনিংস। আজ সেই পাকিস্তানের বিপক্ষেই নিজের আগের রেকর্ডটা ভাঙলেন।

সর্বশেষ ৪০ বছর আগে একই ইনিংসে ইংল্যান্ডের দুজন ডাবল সেঞ্চুরি করেছিলেন। ১৯৮৫ সালে চেন্নাই টেস্টে ডাবল করেছিলেন ইংল্যান্ডের মাইক গ্যাটিং ও গ্রায়েম ফাউলার।

ইংলিশ গ্রেট স্যার অ্যালিস্টার কুকের ছিল পাঁচটি ডাবল সেঞ্চুরি। দেশের হয়ে কুকের সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ড ভাঙার পর এবার ডাবলেও তাকে টপকে গেলেন রুট। ডাবল সেঞ্চুরি করায় ইতিহাসে যুগ্মভাবে সপ্তম স্থানে উঠে গেলেন তিনি। ইংল্যান্ডের ব্যাটারদের মধ্যে ওয়ালি হ্যামন্ডই (৭টি) শুধু রুটের চেয়ে বেশি ডাবল সেঞ্চুরি করেছেন।

ডন ব্র্যাডম্যান ১২টি, কুমার সাঙ্গাকারা ১১টি, ব্রায়ান লারা ৯টি, হ্যামন্ড, বিরাট কোহলি ও মাহেলা জয়াবর্ধনে ৭টি করে ডাবল সেঞ্চুরি করেছেন। ৬টি করে ডাবল সেঞ্চুরি আছে রুটসহ আটজনের।

অথচ ডাবলের আগেই সাজঘরে ফিরতে পারতেন রুট। ১৮৬ রানের সময় মিড-উইকেটে তার ক্যাচ ফেলেন বাবর আজম।

এদিকে, এ নিয়ে বিদেশে ষষ্ঠবারের মতো তিন কিংবা তার কম উইকেট হারিয়ে ৫০০ রান তুলল ইংল্যান্ড। সর্বশেষ ২০১০ সালে ব্রিসবেন টেস্টে এই কীর্তি আছে তাদের। বাকিগুলো আগের শতাব্দীতে করা।

আর তিন রান করলেই ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ রানের জুটি গড়বেন রুট ও ব্রুক। তাদের রান এখন ৪০৯। সর্বোচ্চ ৪১১ রানের রেকর্ডটা ১৯৫৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গড়েছিলেন কলিন কাউড্রে ও পিটার মে।

এছাড়া টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ দলীয় স্কোরেও এটা উঠে এসেছে চার নম্বরে। সর্বোচ্চ টেস্ট স্কোর ৭ উইকেটে ৯০৩ রান। এছাড়া ৮৪৯ ও ৭১০ রানের দুটি স্কোর রয়েছে তাদের। আজ তারা ১৯৩৮ সালে ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা তুলেছিল ৮ উইকেটে ৬৫৮ রান। আজ সেই স্কোরটা লাঞ্চের আগে ছুঁয়ে ফেলে ইংলিশরা।

এ নিয়ে দ্বিতীয়বার ৩০০ রানের বড় জুটি গড়লেন রুট ও বুক। গত বছর ওয়েলিংটনে তারা ৩০২ রান করেছিলেন জুটি বেধে। ইংল্যান্ডের প্রথম ও বিশ্বের নবম জুটি হিসেবে দুই বা ততোধিক ৩০০ রানের জুটি গড়েছেন তারা।