বিশ্বকাপে শোচনীয় ব্যর্থতায় শ্রীলংকা ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের
সবাইকে বরখাস্ত করেছেন দেশটির ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে। বিশেষ করে ভারতের কাছে
৫৫ রানে অলআউট হয়ে ৩০২ রানের বিশাল ব্যবধানে হারের পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে,
যে ঝড়ে ওলট-পালট হয়ে গেল সিংহলিজ ক্রিকেট বোর্ড।
২ নভেম্বর ভারতের কাছে লজ্জাজনক হারের পরই বোর্ড কর্মকর্তাদের
পদত্যাগের অনুরোধ জানান রোশান রানাসিংহে। এর পরপরই পদত্যাগ করেন বোর্ড সেক্রেটারি
মোহন ডি সিলভা। যদিও তৃতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা শাম্মি সিলভাসহ
পুরো বোর্ডের পদত্যাদের দাবি ওঠে এবং এ দাবিতে বোর্ড কার্যালয়ের সামনে বিক্ষোভও
করেন সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ নিয়োগ করতে হয় প্রশাসনকে।
অবশেষে পুরো বোর্ডকেই বরখাস্ত করলেন ক্রীড়ামন্ত্রী।
সম্প্রতি বোর্ড কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট
কাউন্সিলের (আইসিসি) কাছে অভিযোগ জানিয়েছিলেন রোশান রানাসিংহে। অবশেষে তিনি বোর্ডে
হস্তক্ষেপ করলেন। যদিও আইসিসি এ ঘটনা নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
বোর্ডের সবাইকে বরখাস্ত করার পর সাত সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন
করে দিয়েছেন ক্রীড়ামন্ত্রী। ক্রীড়া আইন-১৯৭৩ এর ‘২৫’ নম্বর ধারা অনুযায়ী এই কমিটি
গঠন করা হয়েছে, যার চেয়ারম্যান করা হয়েছে ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী দলনায়ক অর্জুনা
রানাতুঙ্গাকে।
এ নিয়ে দ্বিতীয় দফায় বোর্ডের অন্তর্বর্তীকালীন কমিটির চেয়ারম্যান
হলেন রানাতুঙ্গা। ২০০৮ সালে একই ভূমিকায় ছিলেন তিনি। তার কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারক,
দুই নারী আর এসএলসির সাবেক প্রেসিডেন্ট রয়েছেন।
এই পরিস্থিতির মধ্যেই আজ দিল্লিতে বিশ্বকাপ ম্যাচে বাংলাদেশের
মুখোমুখি হয়েছে শ্রীলংকা। এর আগে সাত ম্যাচ খেলে পাঁচটিতে জিতেছে শ্রীলংকা।
আনুষ্ঠানিকভাবে বিদায় না ঘটলেও তাদের সেমিফাইনালের আশা নেই। তবে বাংলাদেশ ও
নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিত করতে পারে
সিংহলিজরা।










