চলতি মৌসুম শিরোপাহীন থাকতে হচ্ছে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনাকে। ২০২২-২৩ মৌসুম যেন সেভাবে কাটাতে না হয়, এজন্য সুচিন্তিত পরিকল্পনা সাজাচ্ছেন কোচ জাভি হার্নান্দেজ। আগামী মৌসুমে দলের প্রত্যেকটি পজিশনে টপ লেভেলের দুজন করে খেলোয়াড় চান স্প্যানিশ কোচ। পরিকল্পনার বাস্তবায়ন করতে চান সামনের গ্রীষ্মকালীন দলবদলেই।

 

গোলবারের নিচে মার্ক আন্দ্রে টের স্টেগেনের চলতি মৌসুম বেশ ভালো কাটেনি। ৩০ বছর বয়সী জার্মান গোলকিপারের সঙ্গে বার্সার চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৫ সালে। স্টেগেনের স্থলাভিষিক্ত হিসেবে ব্রাজিলিয়ান নেতোকে দেখা যায় মাঝে মাঝে। ৩২ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে ২০২৩ সালে চুক্তি শেষ হবে বার্সার। এদিকে জুনিয়র দল থেকে উঠে আসা স্প্যানিশ গোলকিপার ইনাকি পেনাকে চুক্তির আওতায় এনেছে বার্সেলোনা। ২৩ বছর বয়সী পেনা এখন ধারে তুর্কি ক্লাব গ্যালাতাসারায় খেলছেন। সামনের মৌসুমে তাকে ফেরাতে চায় বার্সা। ফলে গ্রীষ্মের দলবদলে বিক্রি করে দিতে পারে নেতোকে।

 

রক্ষণের ডানপ্রান্তে দানি আলভেস, সার্জিনো দেস্ত ও সের্জি রবার্তো আছেন। তবে ৩৯ বছর বয়সী আলভেসের সময় ফুরিয়ে এসেছে। যদিও তিনি ক্লাবের সঙ্গে থাকতে চাইছেন। তারপরও চেলসি থেকে ৩২ বছর বয়সী সেজার আজপিলিকুয়েতাকে চান জাভি। সেন্টার ব্যাকে এরিক গার্সিয়া, জেরার্ড পিকে ও রোনাল্ড আরোউহো আছেন। ক্লেমেন্ত লেংলে, স্যামুয়েল উমতিতি ও ওসকার মিংগুয়েজাকে ছেড়ে দিয়ে চেলসি থেকে আন্দ্রেন ক্রিস্টেনসেনকে আনতে চায় বার্সা।

 

রক্ষণের বামপ্রান্তে স্পেশালিস্ট জর্দি আলবা। সেখানে ভ্যালেন্সিয়া থেকে স্প্যানিশ ডিফেন্ডার হোসে লুইস গায়া কিংবা চেলসি থেকে মার্কোস আলোনসোকে আনতে চায় স্প্যানিশ ক্লাবটি। মধ্যমাঠে বুড়ো সার্জিও বুসকেটসের স্থলাভিষিক্ত হিসেবে ফ্রাঙ্কি ডি ইয়ং কিংবা নিকো খেলে থাকেন। তবে জাভির নজর এসি মিলানের আইভোরিয়ান ফ্রাঙ্ক কেসির দিকে।

 

পেদ্রি, ডি ইয়ং, গাভি ও নিকোরো ভালোই সমালাচ্ছেন মাধ্যমাঠ। কিন্তু গুঞ্জন রয়েছে ডি ইয়ংকে ছেড়ে দিতে চাচ্ছে ক্লাব। রিকি পুইগও এ মৌসুম পর ক্লাব ছাড়বেন। তাই ভালো মিডফিল্ড সাজাতে চান কোচ।

 

আক্রমণভাগে ডানপ্রান্তে ওসমান দেম্বেলে ও ফেরান তোরেস ভালোই খেলছেন। তবে মৌসুম শেষে যদি দেম্বেলে চলে যান, তাহলে লিডস ইউনাইটেড থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহাকে ভেড়াতে চায় বার্সা। উলভারহ্যাম্পটন থেকে ধারে আসা অ্যাডাম ট্রাওরে চলতি মৌসুম শেষে বার্সায় থাকার সম্ভাবনা খুবই কম। সেন্টার ফরোয়ার্ডে আর্সেনাল থেকে আসা পিয়েরে এমেরিক অবামেয়াং ইতোমধ্যে নিজেকে প্রমাণ করেছেন। দল ছাড়তে হতে পারে তার জায়গায় খেলা মার্টিন ব্র্যাথওয়েটকে। ধার চুক্তির মেয়াদ শেষ হওয়ায় লুক ডি ইয়ংও দল ছাড়বেন। অবামেয়াংয়ের সঙ্গী হিসেবে বায়ার্ন মিউনিখ থেকে কিলার স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কিকে ভাগিয়ে আনতে চায় কাতালানরা।

 

আক্রমণভাগের ডানপ্রান্তে আনসু ফাতি আছেন। একই পজিশনে ফেরান তোরেসও খেলতে পারেন। ডাচ ফরোয়ার্ড মেমফিস ডিপাইও আছেন। যদিও তাকে বিক্রি করতে চায় ক্লাব। কিন্তু বেতন কমিয়ে হলেও তিনি ক্লাবটিতে থাকতে চান। মার্কা