ক্রিকেট দলের মেন্টর টেনিস স্টার! এটাই সত্যি। আইপিএলের নারী ভার্সন উইমেনস প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) প্রথম আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের মেন্টর হিসেবে নিযুক্ত হয়েছেন ভারতের টেনিস স্টার সানিয়া মির্জা। আগামী ৪ মার্চ শুরু হয়ে ২৬ মার্চ পর্যন্ত চলবে এ লিগের খেলা।

গত বুধবার সানিয়াকে মেন্টর হিসেবে ঘোষণার দিন হেড কোচ হিসেবে অস্ট্রেলিয়ান বেন সেয়ার্সের নাম ঘোষণা করেছে বেঙ্গালুরু। সেয়ার্স বর্তমানে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের হেড কোচ ও গত বছর বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ ছিলেন। সেয়ার্সের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তামিলনাড়ুর সাবেক স্পিনার মালোলান রঙ্গরাজন। 

মার্চে দুবাইয়ে পেশাদার ক্যারিয়ারের শেষ টেনিস আসর খেলবেন ৩৬ বছর বয়সী সানিয়া। তিনি সম্প্রতি অস্ট্রেলিয়ান ওপেনে শেষবারের মতো গ্র্যান্ড স্লাম খেলেছেন, যেখানে মিশ্র দ্বৈতের ফাইনালে হেরেছেন রোহন বোপান্নাকে নিয়ে। কিন্তু এর আগেই টেনিস কোর্টের অর্জনে তিনি কীর্তিমান। নারী দ্বৈত ও মিশ্র দ্বৈতে মোট ছয়টি গ্র্যান্ড স্লাম জিতেছেন তিনি। এছাড়া ভারতীয় টেনিস তারকাদের মধ্যে তিনিই সর্বোচ্চ র‍্যাংকধারী খেলোয়াড় হয়ে ইতিহাস গড়েছেন। আন্তর্জাতিক টেনিসের বিশাল অভিজ্ঞতা ও জ্ঞান দিয়েই এবার তিনি তরুণ নারী ক্রিকেটারদের সাহায্য করবেন। 

দুবাইয়ে আসন্ন ডব্লিউটিএ আসর শেষেই তিনি বেঙ্গালুরু ক্রিকেট দলের সঙ্গে যোগ দেবেন। বেঙ্গালুরুর মেন্টর হওয়া নিয়ে ভীষণ উচ্ছ্বসিত সানিয়া। তিনি মূলত অল্প বয়সী ভারতীয় ক্রিকেটারদের চাপের সঙ্গে কীভাবে মানিয়ে নিতে হয়, সে ব্যাপারে পরামর্শ দেবেন। 

ভারতের ইতিহাসে সবচেয়ে সফল এ নারী টেনিস খেলোয়াড় ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘মানসিক বিষয়টি নিয়ে আমি মূলত তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করব। আশা করি, তাদের মধ্যে আমি মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস আনতে পারব। আমি আমার খেলোয়াড়ি জীবনের ২০ বছরের অভিজ্ঞতা তাদের সঙ্গে ভাগাভাগি করতে পারি। একমাত্র নারী (ভারতীয়) হিসেবে এতদিন চাপের মধ্যে খেলে যাওয়ার বিষয়টি, সত্যি এখানে তাদের সাহায্য করবে।’

তারকাখচিত দল গড়েছে বেঙ্গালুরু। এ দলটিতে খেলবেন ভারতের সুপারস্টার স্মৃতি মন্ধানা, অস্ট্রেলিয়ার এলিস পেরি ও মেগান শাট, নিউজিল্যান্ডের সোফি ডিভাইন, দক্ষিণ আফ্রিকার ডেন ফন নিকার্ক ও ভারতের রিচা ঘোষ। পাঁচ দলের এ আসরে বেঙ্গালুরু ৫ মার্চ মুম্বাইয়ে প্রথম ম্যাচ খেলবে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে।