জন্মভূমি পাকিস্তানে প্রথম টেস্ট খেলতে নেমে ৯৩ রানে আউট হন উসমান খাজা। রাওয়ালপিন্ডির সেই দুঃখ এবার করাচিতে ভুললেন অস্ট্রেলিয়ার ওপেনার। করাচি টেস্টে শনিবার প্রথম দিনই তুলে নেন ক্যারিয়ারের একাদশতম সেঞ্চুরি। ১২৭ রানে অপরাজিত থাকা খাজা ইনিংসটাকে আজ সকালে টেনে নেন ১৬০ পর্যন্ত। তার অনবদ্য এই ইনিংসে ভর করে প্রথম ইনিংসে রান সৌধ গড়েছে অজিরা। ৮ উইকেটে ৫০৫ রান তুলে আজ দ্বিতীয় দিন মাঠ ছাড়ে প্যাট কামিন্সের দল।

 

প্রথম দিন ৯০ ওভারে ৩ উইকেটে ২৫১ রান তোলা অজিরা আজ দ্বিতীয় দিনও ঠিক ৯০ ওভার ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে বোর্ডে যোগ করে ২৫৪ রান।

 

নাইটওয়াচম্যান নাথান লায়নকে নিয়ে সকালে ৫২ রান যোগ করেন খাজা। লায়ন ৩৮ রান করে ফাহিম আশরাফের শিকার হন। এরপর ট্রাভিস হেডকে নিয়ে তিনি যোগ করেন ৪৩ রান। অল্প রানের ব্যবধানে বিদায় নেন হেড ও খাজা দুজনই। স্পিনার সাজিদ খানের ঘূর্ণিতে পরাস্ত হন তারা (৩৬০/৬)।

 

এরপর অ্যালেক্স ক্যারির অনবদ্য ব্যাটিংয়ে পাঁচশ পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। ১৫৯ বলে ৭ বাউন্ডারি ও ২ ছক্কায় ৯৩ রান করেন তিনি। এ পথে মিচেল স্টার্ককে নিয়ে ৯৮ ও ক্যামেরন গ্রিনকে নিয়ে ৪৫ রানের জুটি গড়েন তিনি। গ্রিন ও স্টার্ক উভয়ই করেন ২৮ রান।

 

পাকিস্তানের পেসার ফাহিম আশরাফ ৫৫ রানে দুটি ও স্পিনার সাজিদ খান ১৫১ রানে দুটি উইকেট নেন।

 

রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টটি ড্র হয়। ২১ মার্চ লাহোরে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট। এরপর রয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও একমাত্র টি২০।