আজ ম্যাচের আগ মুহূর্তে হার্ট অ্যাটাকের শিকার হন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। আর যখন ম্যাচ শুরু হয় তার মৃত্যুর খবর আসে। এতে স্টেডিয়ামে শোকের ছাঁয়া নেমে আসে। এই শোককে শক্তিতে পরিণত করে প্রথম ম্যাচেই জিতল ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ তারা হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্সকে।
শুক্রবার উদ্বোধনী ম্যাচে নাজমুল হোসেন শান্ত দারুণ এক সেঞ্চুরি করে সিলেট টাইটানসের বিপক্ষে জিতিয়েছেন রাজশাহীকে। আজ শনিবার টানা দ্বিতীয় দিনের মতো মাঠে নেমে হেরে বসল রাজশাহী। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩২ রান তুলতে সমর্থ হয় শান্তর দল। এই রান তাড়া করতে নেমে ৭ বল বাকি থাকতে ৫ উইকেটের জয় তুলে নেয় ঢাকা।
এর আগে প্রথম বলেই পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহানকে হারায় রাজশাহী। সেই ধাক্কা আর সামলে ওঠা হয়নি। তানজিদ হাসানকে নিয়ে ৩৯ ও ইয়াসির আলীকে নিয়ে ৩০ রানের দুটি জুটি গড়লেও দলের বড় সংগ্রহ নিশ্চিত করতে পারেননি অধিনায়ক শান্ত। মুশফিকুর রহিমকে নিয়ে গতকাল ১৩০ রানের জুটি গড়লেও আজ দুজন যোগ করতে পেরেছেন মাত্র ৯ রান।
পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিম দারুণ বোলিংয়ে চাপে রাখেন রাজশাহীকে। ১৬ রানে ৩ উইকেট নেন তিনি। এছাড়া নাসির হোসেন ৩২ রানে নেন ২টি উইকেট। শান্ত ২৮ বলে ৩৭ রান করেন, আর মোহাম্মদ নওয়াজ করেন ২৬ বলে ২৬ রান। ইমাদ ওয়াসিম ম্যাচসেরা হন।
জবাব দিতে নেমে পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৩ রান তুলতে সমর্থ ঢাকা। এরপর আব্দুল্লাহ আল মামুন (৪৫), সাব্বির রহমান (১০ বরে ২১*), নাসির হোসেন (১৯ বলে ২২) ও শামীম হোসেনের (১৩ বলে ১৭) ব্যাটে ভর করে জয় নিশ্চিত করে ঢাকা ক্যাপিটালস।









