সম্প্রতি আফ্রিকান দেশ জিম্বাবুয়ে থেকে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলে দেশে ফেরা বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের দুই সদস্য করোনাভাইরাস পজিটিভ হয়েছেন। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আফ্রিকা থেকে ফেরার পর পুরো দলকেই রাজধানীর একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। এবার পজিটিভ দুই ক্রিকেটারসহ গোটা দলকেই আইসোলেশনে রাখা হয়েছে। তবে ব্যক্তিগত গোপনীতার স্বার্থে আক্রান্ত ক্রিকেটারদের নাম প্রকাশ করেনি বোর্ড।
১ ডিসেম্বর দেশে ফেরা ক্রিকেট দলের পাঁচদিনের আনুষ্ঠানিক কোয়ারেন্টিন আজই শেষ হওয়ার কথা ছিল। তাই প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য আজ পুরো দলকে সংবর্ধনা দেয়ার কথা ছিল বিসিবির। এ উপলক্ষে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন হোটেলেও গিয়েছিলেন। যদিও করোনায় দুজনের পজিটিভ হওয়ার খবরে এই অনুষ্ঠান বাতিল করা হয়।
করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রনের প্রভাবের কারণে অসম্পূর্ণ অবস্থায়ই বাতিল করা হয়েছিল জিম্বাবুয়েতে শুরু হওয়া আইসিসি নারী বিশ্বকাপ ২০২২ এর বাছাইপর্ব। র্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে বিশ্বকাপের টিকিট পায় বাংলাদেশ।










