সপ্তাহে পাঁচ লাখ পাউন্ড বেতনে ৫ বছরের জন্য নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং ব্রট হালান্ডকে দলে ভেড়াতে চায় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। যদিও হালান্ডের সঙ্গে তার বর্তমান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৪ সালে। জার্মান ক্লাবটিতে হালান্ডের রিলিজ ক্লজ ৬৩ মিলিয়ন ইউরো। এই রিলিজ ক্লজ পরিশোধ করে হালান্ডকে দলে ভেড়াতে লক্ষ্যস্থির করেছেন ক্লাবটির কোচ পেপ গার্দিওলা।

 

নরওয়ের স্ট্রাইকারকে দলে নেয়ার বিষয়ে চুক্তি ও ব্যক্তিগত শর্তে এজেন্ট মিনো রাইওলার সঙ্গে ম্যানসিটির সমঝোতা হয়েছে বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা।

 

হালান্ডকে দলে টানতে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও প্যারিস সেন্ট জার্মেইয়ের মতো দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করছে। ডর্টমুন্ডের সঙ্গে হালান্ডের চুক্তির মেয়াদ ২০২৪ পর্যন্ত থাকলেও গত বছরের শেষ দিকে তার এজেন্ট রাইওলা জানিয়েছিলেন, আগামী গ্রীষ্মে দলবদল করবেন হালান্ড।

 

ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, ম্যানসিটি জুতসই একটি আর্থিক প্যাকেজ তৈরি করেছে হালান্ডের জন্য। তরুণ স্ট্রাইকারের সঙ্গে ৫ বছরের চুক্তি করতে চায় ক্লাবটি। প্রতি সপ্তাহে হালান্ডের পারিশ্রমিক হবে পাঁচ লাখ পাউন্ড। সিটি আশা করছে, রিলিজ ক্লজের ৬৩ মিলিয়ন ইউরো পরিশোধ করে হালান্ডকে তারা দলে ভেড়াবে।

 

আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে ছাড়ার পর গত মৌসুম থেকে একজন ‘নাম্বার নাইন’ খুঁজছেন গার্দিওলা। টটেনহাম হটস্পার থেকে ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেনের প্রতি আগ্রহে দেখালেও পরে চুক্তি সম্ভব হয়নি। তাই ২১ বছর বয়সী হালান্ডের দিকে এখন নজর স্প্যানিশ কোচের।

 

ইতিহাদে এলে ক্লাবটির সবচেয়ে দামি ফুটবলার হবেন হালান্ড। এখন সপ্তাহে ৩ লাখ ৮৫ হাজার পাউন্ড পারিশ্রমিক পান ক্লাবটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন।

 

চলতি মৌসুমে জাতীয় দল ও ক্লাবের হয়ে ৩১ ম্যাচে ৩৩ গোল করেছেন হালান্ড। সর্বশেষ ভল্ফসবুর্গের বিপক্ষে ডর্টমুন্ডের হয়ে করেছেন দুটি গোল।

 

শেষ হয়ে এসেছে ঘরোয়া ফুটবল লিগগুলোর ২০২১-২২ মৌসুম। ১০ জুন শুরু হয়ে ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে উয়েফার গ্রীষ্মকালীন ট্রান্সফার উইনডো। পছন্দের ফুটবলারকে দলে ভেড়াতে প্রস্তুতিও নিচ্ছে ক্লাবগুলো। গ্রীষ্মকালীন দলবদলে আলোচিত দুটি নাম হতে পারে কিলিয়ান এমবাপ্পে ও হালান্ড।

 

ডেইলি মেইল, মার্কা