অ্যাশেজ ভরাডুবির পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও টেস্ট সিরিজ পরাজয়ের দায় মাথায় নিয়ে ইংল্যান্ড টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন জো রুট। আজ তিনি এক ঘোষণায় অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানান।

 

২০১৭ সালে অ্যালিস্টার কুকের স্থলাভিষিক্ত হন রুট। সেই থেকে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ ও সবচেয়ে বেশি জয়ের রেকর্ড গড়েছেন তিনি। যদিও সাম্প্রতিক ব্যর্থতায় তাকে সরেই যেতে হলো।

 

গ্রেনাডায় ১০ উইকেটে হেরে যায় ইংল্যান্ড। এর মধ্য দিয়ে টানা ৯ ম্যাচে জয়হীন থাকে ইংলিশরা। তখন সমালোচনার মুখেও রুট বলছিলেন, তিনি নেতৃত্বে থাকতে চান। যদিও এখন বলছেন, সরে যাওয়ার এটাই সেরা সময়।

 

৩১ বছর বয়সী রুট বলেন, দেশকে নেতৃত্ব দিতে পেরে আমি সীমাহীন গর্বিত এবং সামনের দিনগুলোতে আমি অতীতের পাঁচটি বছরকে স্মরণ করব গৌরবের সঙ্গে। ইংলিশ ক্রিকেটের সর্বোচ্চ এই দায়িত্বটা পালন করতে পারাটা আমার জন্য ছিল অনেক অনেক সম্মানের। আমি আমার দেশকে নেতৃত্ব দিতে ভালোবাসতাম, যদিও সাম্প্রতিক ব্যর্থতা আমাকে ও আমার দেশকে আহত করেছে। কাজেই এখন সরে দাঁড়ানোটাই উত্তম মনে করছি।

 

ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে ৫ হাজার ২৯৫ রান করেছেন রুট, যা দেশটির হয়ে রেকর্ড এবং অধিনায়ক হিসেবে ১৪টি সেঞ্চুরিও তিনি করেছেন। ইংল্যান্ডকে তিনি নেতৃত্ব দিয়েছেন রেকর্ড ৬৪ টেস্টে এবং সর্বোচ্চ ২৭টি জয় তুলে নেয়ার গৌরব দেখিয়েছেন, হেরেছেন ২৬টিতে। ২০১৭-১৮ ও ২০২১-২২ অ্যাশেজে ৪-০ ব্যবধানে পরাজয় তার নেতৃত্বের সবচেয়ে খারাপ সময় ছিল। বিবিসি