নো মেসি, নো প্রবলেম! লিওনেল মেসিকে ছাড়াই প্রীতি ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে এমনটা বলতেই পারে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচটির স্কোরলাইন দেখে তেমনটা মনে না হলেও ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচজুড়েই ছড়ি ঘুরিয়েছে আলবিসেলেস্তেরা। কেবল প্রতিপক্ষ গোলরক্ষক হোসে কন্ত্রেরাসের অবিশ্বাস্য পারফরম্যান্সের কারণে গোলের সংখ্যা বাড়াতে পারেনি লিওনেল স্কালোনির শিষ্যরা। শেষ পর্যন্ত জিওভানি লো সেলসোর করা প্রথমার্ধের একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা।

ম্যাচটি ছিল একতরফা আক্রমণের গল্প। আর্জেন্টিনা গোলমুখে একের পর এক আক্রমণ শানিয়েছে, কিন্তু তাদের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন ভেনিজুয়েলার ৩০ বছর বয়সী গোলরক্ষক কন্ট্রেরাস। তিনি একাই এ ম্যাচে ১০টি সেভ করেছেন, যার মধ্যে দ্বিতীয়ার্ধেই ছিল ছয়টি! তার বীরত্বেই বড় ব্যবধানে হার এড়িয়েছে ভেনিজুয়েলা। লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজদের প্রচেষ্টা বারবার ব্যর্থ হয়েছে এ গোলরক্ষকের দৃঢ়তায়।

ম্যাচজুড়ে গোলের সুযোগ নষ্টের হতাশায় ভুগলেও প্রথমার্ধেই কাঙ্ক্ষিত গোলটি পায় আর্জেন্টিনা। জিওভানি লো সেলসোর করা সেই গোলটিই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ম্যাচের ৩১ মিনিটে মার্টিনেজের দারুণ পাস থেকে বল পেয়ে লো সেলসো বাঁ পায়ের জোরালো শটে কন্ত্রেরাসকে পরাস্ত করেন। গোলের পর রিয়াল বেতিসের এই মিডফিল্ডার হাতের আঙুলে ‘এম’ আকৃতি তৈরি করে আকাশের দিকে তাকিয়ে শ্রদ্ধা জানান প্রয়াত কোচ মিগেল আঞ্জেল রুসোকে।

দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক পরিবর্তন আনে। স্কালোনি ম্যাচটিকে কাজে লাগান পরীক্ষিত যোদ্ধাদের ফর্মের সঙ্গে সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াডের নতুন মুখদের যাচাইয়ে। মাঠে নামেন নিকোলাস গনজালেজ, জুলিয়ানো সিমিওনে, আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো দি পল ও লিওনার্দো বালেরদিকে। এর পরও আর্জেন্টিনার একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেন কন্ত্রেরাস।

খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার আর ১৫ মিনিটের কিছু বেশি বাকি, সে সময় বক্সের ভেতর থেকে ভেনিজুয়েলার কুইন্টেরো লিওনের শট ক্রসবারে লেগে ফিরে আসে! অল্পের জন্য সমতা ফেরানো হয়নি ভেনিজুয়েলার। তাদের হাহাকার আর্জেন্টিনা শিবিরে এনে দেয় স্বস্তি।

ক্যাপ্টেন লিওনেল মেসি গ্যালারিতে বসে পরিবারসহ খেলা দেখলেও মাঠে তার অনুপস্থিতি খুব একটা টের পায়নি আর্জেন্টিনা। স্কালোনির কৌশলী ও ভারসাম্যপূর্ণ দল দেখিয়েছে—মেসি না থাকলেও আর্জেন্টিনার মেশিন চলছে মসৃণভাবে।

মেসিকে বিশ্রাম দিয়ে খেলোয়াড়দের পরীক্ষা করাই ছিল মূল লক্ষ্য, ম্যাচের পর প্রেস কনফারেন্সে এভাবেই পরিকল্পনার কথা জানান আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। জানান, জয়ের চেয়ে সেটাই ছিল বেশি গুরুত্বপূর্ণ।

স্কালোনি বলেন, ‘আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে লিও খেলবে না। আমি দেখতে চেয়েছিলাম লাউতারো (মার্টিনেজ) ও হুলিয়ান (আলভারেজ) কেমন করে। বেঞ্চে আমাদের সঙ্গে ছিল ফ্লাকো লোপেজ, তাকেও শিগগিরই খেলতে দেখবেন।’

স্কোয়াড নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে সন্তুষ্টির কথাই জানিয়েছেন এই বিশ্বকাপজয়ী কোচ। তিনি বলেন, ‘ম্যাচটি আমাদের জন্য দারুণ এক পরীক্ষা ছিল। দেখেছি প্রতিপক্ষরা কতটা কঠিন। জয়টা ভালো, কিন্তু সেটাই মূল বিষয় নয়। আমরা দেখতে চেয়েছি দল কেমন করছে, ছেলেরা মাঠে সময় পাচ্ছে কিনা।’

নতুন ফরমেশন ও আসন্ন ম্যাচ নিয়ে স্কালোনি বলেন, ‘আমি ৫-৩-২ ফরমেশনটা পরীক্ষা করতে চেয়েছিলাম। বেশ আকর্ষণীয় বিকল্প, আর আমাদের দলে তেমন খেলোয়াড়ও আছে। কখনো কখনো বাড়তি রক্ষণাত্মক দৃঢ়তাও দরকার হয়।’

মঙ্গলবার মায়ামির চেজ স্টেডিয়ামে পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এ ম্যাচে নতুনদের সুযোগ দেয়া প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘যারা নতুন যোগ দিয়েছে, তারা সবাই মঙ্গলবার খেলবে। আশা করি, তারা সুযোগটা কাজে লাগাবে।’