শ্রীলংকার কাছে হারলে বিদায় প্রায় নিশ্চিত। আর জিতলে থাকবে সেমিতে যাওয়ার নানা হিসাব-নিকাশ। বাংলাদেশের মতো লংকানরাও এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দুই পয়েন্ট অর্জন করেছে। তবে তাদের অভিযানের গল্প একেবারেই ভিন্ন। শ্রীলংকার দুই পয়েন্ট এসেছে কলম্বোর বৃষ্টিবিঘ্নিত ম্যাচগুলো থেকে। তাদের সঙ্গে আজকের ম্যাচটি কার্যত বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সোমবার বেলা সাড়ে ৩টায় দুই দল মুখোমুখি হবে। যদিও এখন পর্যন্ত ওয়ানডেতে শ্রীলংকার বিপক্ষে জয়ের মুখ দেখেনি বাংলাদেশ।
বাংলাদেশের বড় দুর্বলতা এখনো ব্যাটিং। তবে বোলিং, বিশেষ করে স্পিন আক্রমণ যেভাবে প্রতিপক্ষদের ভোগাচ্ছে, তাতে এ ম্যাচে আশাবাদী জ্যোতির দল। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ধার দেখা যায়নি—১৯৯ রানের লক্ষ্য অনায়াসে দশ উইকেটে পেরিয়ে গিয়েছে প্রতিপক্ষ।
শ্রীলংকারও সমস্যা প্রায় একই। তাদের ব্যাটাররা শুরুতে ভালো করলেও মাঝপথে হুড়মুড় করে উইকেট হারিয়ে ফেলেন। তাই এ ম্যাচে মূল লড়াই হবে বাংলাদেশের স্পিন আক্রমণের বিপরীতে শ্রীলংকার ব্যাটিং কতটা টিকতে পারে, আর জ্যোতি-রুবাইয়ারা নিজেদের ব্যাটিং দিয়ে প্রথমবারের মতো শ্রীলংকার বিপক্ষে জয়ের ইতিহাস গড়তে পারেন কি না, সেটাই এখন দেখার।
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। সেমিফাইনালের বাকি এক টিকিটের জন্য এখন লড়ছে ৫টি দল। বাংলাদেশ, শ্রীলংকা ও পাকিস্তান- তিন দলেরই পয়েন্ট সমান, তবে নেট রানরেটে বাংলাদেশ পিছিয়ে।










