স্প্যানিশ লা
লিগার নতুন মৌসুমে শুভসূচনা করেছে বার্সেলোনা। নতুন কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে প্রথম
ম্যাচেই কাতালানরা ২-১ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে।
ভ্যালেন্সিয়ার
মাঠ স্তাদিও মেসতাল্লায় বার্সাকে জিতিয়েছেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্তি।
হুগো দুরোর গোলে ৪৪ মিনিটে পিছিয়ে পড়ে বার্সা। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে
লামিনে ইয়ামালের পাস থেকে গোল করে সমতা আনেন লেভা। দ্বিতীয়ার্ধ শুরুর পরপরই তিনি আরেক
গোল করে এগিয়ে নেন বার্সাকে। ৪৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন কৃতী স্ট্রাইকার।
আজ রাতে নামছে
বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তাদের প্রতিপক্ষ মায়োর্কা। এই ম্যাচের মধ্য দিয়েই
লা লিগায় অভিষেক হবে ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের, যিনি সদ্যই প্যারিস সেন্ট
জার্মেই (পিএসজি) ছেড়ে নাম লিখিয়েছেন রিয়ালে। এরই মধ্যে উয়েফা সুপার কাপ জিতে রিয়ালের
জার্সিতে দারুণ অভিষেক ঘটেছে তার। এবার লা লিগায় স্মরণীয় শুরুর অপেক্ষা। ম্যাচটি শুরু
হবে বাংলাদেশ সময় রাত ১টা ৩০ মিনিটে।
এদিকে, ইংলিশ
প্রিমিয়ার লিগে আজ রাতে চেলসির মাঠে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ম্যাচটি
শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে।
শনিবার রাতে লিভারপুল
ও আর্সেনাল শুভসূচনা করেছে। লিভারপুল ২-০ গোলে ইপসউইচকে ও আর্সেনাল একই ব্যবধানে উলভারহ্যাম্পটনকে
হারায়।










