চলতি মাসের ২৩ ও ২৬ তারিখে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ওয়েম্বলিতে প্রথমে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে খেলার তিনদিন পর মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তবে সময় যত ঘনিয়ে আসছে, একের পর এক চোটে ছিটকে যাচ্ছেন তারকা ফুটবলাররা। আগে থেকেই ইনজুরিতে ছিলেন অ্যালিসন বেকার, স্কোয়াড ঘোষণার পর আরেক গোলরক্ষক এডারসন মোয়ারেসও চোটে পড়েন। 

একইভাবে স্কোয়াড থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার মার্কিনিয়োস ও ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লিও। এবার সেই তালিকায় যুক্ত হলেন ক্যাসেমিরো। এ নিয়ে মূল স্কোয়াডের চারজন ও সবমিলিয়ে প্রাথমিক স্কোয়াডের ১৩ ফুটবলারই চোটে আক্রান্ত বলে জানিয়েছেন সেলেসাও কোচ দরিভাল জুনিয়র। ব্রাজিলের আনুষ্ঠানিক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। 

দরিভাল বলেন, ‘দুর্ভাগ্যবশত আমরা ক্যাসেমিরোকেও হারায়েছি। আসন্ন দুই প্রীতি ম্যাচেই তাকে পাচ্ছি না। তার জায়গায় পর্তুগিজ ক্লাব পোর্তোর হয়ে খেলা মিডফিল্ডার পেপেকে ডাকা হয়েছে।’ তবে ক্যাসেমিরোর চোট কতটা গুরুতর সেটি জানাননি ব্রাজিল কোচ, এমনকি কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারবেন সেটি উল্লেখ করা হয়নি। 

সেলেসাও কোচ বলেন, ‘আমাদের এইমাত্র টিম চিকিৎসক রদ্রিগো লাসমারের একটি প্রতিবেদন পেয়েছি। যেখানে বলা হয়েছে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে থাকা ৫০ জনের মধ্যে ১৩ জনই ক্লাবের হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে রয়েছেন।’

প্রীতি ম্যাচের ব্রাজিল স্কোয়াড :

গোলকিপার : লিও জার্দিম, রাফায়েল, বেন্তো।

ডিফেন্ডার : দানিলো, ইয়ান কুতো, ওয়েন্দেল, আইর্তন লুকাস, গ্যাব্রিয়েল মাগালাইস, বেরালদো, মুরিলো, ফ্যাবরিজিও ব্রুনো।

মিডফিল্ডার : আন্দ্রে, ব্রুনো গিমারেস, পেপে, জোয়াও গোমেজ, লুকাস পাকুয়েতা, ডগলাস লুইস, পাবলো মাইয়া, আন্দ্রেয়াস পেরেইরা।

ফরোয়ার্ড : এনদ্রিক, রদ্রিগো, গালেনো, ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন, রাফিনিয়া, সাভিনিও।