তালেবান সরকার ক্ষমতায় আসার পর দেশ ছাড়ে আফগানিস্তান জাতীয় নারী ফুটবল দল ও তাদের পরিবার। ৮ মাস আগে ফুটবল দলের কিছু সদস্য ও তাদের পরিবারকে পুনর্বাসনে সহায়তা করে অস্ট্রেলিয়া। দেশ ছাড়ার পর সেখানেই প্রথমবার ফুটবল ম্যাচ খেললেন আফগান নারীরা।

 

রোববার অস্ট্রেলিয়ার পূর্বঞ্চালীয় রাজ্য ভিক্টোরিয়ায় নিচের সারির লিগের একটি দলের বিপক্ষে ম্যাচ খেলেন তারা। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। আফগান নারী দল একটি গোল করলেও তা অফসাইডের কারণে বাতিল করেন রেফারি।

 

জন্মভূমি ছাড়ার পর অস্ট্রেলিয়ায় নিজেদের জীবন গুছিয়ে নেয়ার পথে সবাই একত্রিত হয়ে মাঠে নামাকে একটি প্রতীকী বিজয় হিসেবে দেখছেন আফগান নারী ফুটবলাররা।

 

ম্যাচটিতে শুধু নম্বর লাগানো জার্সি পরেই মাঠে নেমেছিলেন তারা। এ বিষয়ে দলের অধিনায়ক নিলাব বলেছেন, আফগানিস্তানে থাকা খেলোয়াড়দের পরিবারের কথা চিন্তা করে জার্সির পেছনে নাম ব্যবহার করিনি। আমরা এখনো লড়াই চালিয়ে যাচ্ছি। আমাদের লড়াই শুধু আফগানিস্তানের হয়ে খেলার জন্য। আমরা দেশ ছেড়ে পালিয়ে এসেছি কিন্তু আমরা এখনো দেশের কথা ভাবছি, দেশের বিজয়ের জন্য কাজ করছি। খবর দ্য ডন