এশিয়া কাপ খেলে এ মাসেই সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপ সামনে রেখে সঠিক প্রস্তুতি নেয়ার লক্ষ্যে দুই সপ্তাহের ব্যবধানে আবারো মধ্যপ্রাচ্যের দেশটিতে গিয়েছে বাংলাদেশ। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুটি টি২০ ম্যাচ খেলবে টাইগাররা। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে আজ প্রথম টি২০ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ২৭ সেপ্টেম্বর একই মাঠে একই সময় দ্বিতীয় ম্যাচ। ২৮ সেপ্টেম্বর দেশে ফিরে আসবে নুরুল হাসান সোহানের দল।

আন্তর্জাতিক ক্রিকেটে মোট দুবার দেখা হয়েছে আরব আমিরাত ও বাংলাদেশের এবং দুবারই এশিয়া কাপে। ২০০৮ সালের লাহোরে এশিয়া কাপে ৫০ ওভারের ম্যাচে আমিরাতিদের ৯৬ রানে হারায় বাংলাদেশ। টি২০ ক্রিকেটে একবার মুখোমুখি হয়। ২০১৬ সালে ঢাকায় এশিয়া কাপের সেই ম্যাচে আমিরাতকে ৫১ রানে হারায় বাংলাদেশ। আজ তৃতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত।