ভারত ও শ্রীলংকার মাঠে চলমান ত্রয়োদশ নারী ওয়ানডে বিশ্বকাপে আজ কলম্বোয় ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। বর্তমান ফর্ম ও রেকর্ডের বিচারে ভারত ফেভারিট হলেও দুই দেশের মধ্যে রাজনৈতিকভাবে উত্তেজনা বিরাজ করায় মাঠেও এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বৈরী সম্পর্কের কারণেই ভারতের মাটিতে খেলতে যায়নি পাকিস্তান নারী ক্রিকেট দল। ফলে চলতি বিশ্বকাপে পাকিস্তানের সাতটি ম্যাচই পড়েছে শ্রীলংকার মাঠে। কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।
ওয়ানডেতে ১১ বারের দেখায় ১১ বারই জিতেছে ভারত! টি-টোয়েন্টিতে ১৬ বারের মোকাবেলায় ভারত ১৩টি ও পাকিস্তান ৩টি জয় পেয়েছে। শুধু এশিয়া কাপ, বিশ্বকাপ ও বিশ্বকাপ বাছাইপর্বেই দেখা হয়েছে দুটি প্রতিবেশী দেশের।
চলতি আসরে ভারত শুভসূচনা পেলেও পাকিস্তান শুরুতেই হেরেছে। ভারত প্রথম ম্যাচে হারিয়ে দেয় শ্রীলংকাকে। অন্যদিকে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। আগে ব্যাটিংয়ে নামা পাকিস্তানকে ১২৯ রানে অলআউট করার কৃতিত্ব দেখান বাংলাদেশের বোলাররা। এরপর ব্যাটাররা দৃঢ়তা দেখিয়ে ৩১.১ ওভারেই জয় তুলে নেন। অভিষিক্ত রুবাইয়া হায়দার ঝিলিক ৭৭ বলে ৮ বাউন্ডারির সাহায্যে ৫৪ রানের হার না মানা ইনিংস খেলে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১৯ বলে ২৪ রান করে তাদের যোগ্য সাপোর্ট দেন অভিজ্ঞ সোবহানা মোস্তারি।
বিশ্বকাপে গতকাল কলম্বোয় অস্ট্রেলিয়া ও স্বাগতিক শ্রীলংকার ম্যাচটি বৃষ্টির বাধায় পরিত্যক্ত হয়। উভয় দল পয়েন্ট ভাগাভাগি করে।
মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ ইংল্যান্ড।










