আগামী ২৭ আগস্ট শ্রীলংকায় শুরু হওয়ার কথা এশিয়া কাপ ২০২২। কিন্তু এরই মধ্যে দেশটিতে চলছে ভয়াবহ অর্থনৈতিক সংকট। যার ফলে প্রতিযোগিতাটি শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি) আয়োজন করতে পারবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এজন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এসএলসিকে আগামী ২৭ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। এ সময়ের মধ্যে তারা টুর্নামেন্টটি আয়োজন করতে পারবে কি-না সে বিষয়ে তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে । খবর কলম্বো গেজেট।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের একটি সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, এসিসির কর্মকর্তারা শ্রীলংকা ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করছেন, তবে শ্রীলংকা এখনো এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে আশাবাদী। সূত্রটি বলেছে, এখন পর্যন্ত তারা এশিয়া কাপ আয়োজন করতে পারবে কিনা তা বলা সত্যিই কঠিন হবে। আমি যা জানি, তারা এই বিষয়ে আশাবাদী এবং খুব ইতিবাচক। সিদ্ধান্ত নেয়ার জন্য হাতে এখনো সময় আছে। তবে একই সময়ে প্রোটোকল অনুসারে তাদের সিদ্ধান্ত নেয়ার জন্য একটি সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।
এশিয়া কাপের ১৫তম আসরটি ২৭ আগস্ট শুরু হয়ে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ২০ ওভারের আদলে আসরটি হওয়ার কথা রয়েছে।










