শেরেবাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্টে দ্বিতীয় দিন শেষেই হারের শঙ্কায় পড়া আয়ারল্যান্ড দুর্দান্ত লড়াই করল। আজ তৃতীয় দিন লরকান টাকারের সেঞ্চুরি ও অ্যান্ডি ম্যাকব্রাইনের লড়াকু হাফসেঞ্চুরিতে ভর করে দিনশেষে তাদের সংগ্রহ ২৮৬/৮। ভরাডুবির শঙ্কা কাটিয়ে অতিথিদের লিড দাঁড়িয়েছে ১৩১ রান। ম্যাকব্রাইন ৭১ ও গ্রাহাম হিউম ৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

 

সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের আঘাতে দ্বিতীয় দিন শেষ বিকালে চারটি উইকেট হারায় আইরিশরা। আজ বৃহস্পতিবার সকালে ২৭/৪ স্কোর নিয়ে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ডকে দ্রুত অলআউট করার পরিকল্পনা ছিল স্বাগতিকদের। যদিও উইকেটকিপার লরকান টাকার ও ম্যাকব্রাইন হতাশ করেন স্বাগতিকদের। দলীয় ৫১ রানে পিটার মুরকে (১৬) ফেরান শরিফুল ইসলাম। এরপর হ্যারি টেক্টরের সঙ্গে মিলে বাংলাদেশকে ভোগাতে থাকেন টাকার। এ জুটি বিচ্ছিন্ন হওয়ার আগে ১৪৫ বল খেলে বোর্ডে যোগ করেন ৭২ রান। প্রথম ইনিংসে ফিফটি করা টেক্টরকে আজ লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাইজুল (১২৩/৬)।

 

এরপর বল হাতে ছয় উইকেট শিকার করা অ্যান্ডি ম্যাকব্রাইনও ব্যাটার হয়ে ওঠেন। তাকে নিয়ে বোর্ডে ৭৬ রান তুলে চা বিরতিতে যান টাকার। শেষ পর্যন্ত দুজনের জুটিটা ১১১ রান পর্যন্ত গড়ায়। ১০৮ রান করে এবাদত হোসেনের শিকার হন টাকার (২৩৪/৭)।

এরপর টেল-এন্ড নিয়ে লড়ে যান ম্যাকব্রাইন। মার্ক অ্যাডায়ারকে নিয়ে ৩১ ও গ্রাহাম হিউমকে নিয়ে ২১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে তিনি বাংলাদেশকে অনিশ্চয়তায় রাখেন।  

 

আয়ারল্যান্ডকে প্রথম ইনিংসে ২১৪ রানে অলআউট করার পর বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৬৯ রান তুলতে সমর্থ হয়। মুশফিকুর রহিম সর্বোচ্চ ১২৬ রান করেন। এছাড়া সাকিব আল হাসান ৮৭, মেহেদী হাসান মিরাজ ৫৫ ও লিটন দাস ৪৩ রান করেন। ম্যাকব্রাইন ১১৮ রানে ছয়টি ও মার্ক অ্যাডায়ার ৬৪ রানে দুটি উইকেট নেন।