জার্মান ক্ল্যাসিকোয় বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে টানা দশম বুন্দেসলিগা শিরোপা জিতে নিল বায়ার্ন মিউনিখ। তিন রাউন্ড বাকি থাকতে প্রতিপক্ষের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা নিশ্চিত করল বাভারিয়ানরা। ৩১ রাউন্ড শেষে বায়ার্নের পয়েন্ট ৭৫, ডর্টমুন্ডের ৬৩।
শনিবার রাতে ঘরের মাঠে সের্জে নাবরির ভলিতে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। এরপর ব্যবধান ২-০ করেন রবার্ট লেভাডভস্কি। এমরে চ্যানের গোল ব্যবধান কমালেও শেষ দিকে ১৯ বছর বয়সী জামাল মুসিয়ালার গোল বায়ার্নের জয় নিশ্চিত করে দেয়। এই গোলটির পরই অ্যালিয়াঞ্জ অ্যারেনায় উত্সব শুরু হয়ে যায়। এটা বায়ার্নের ইতিহাসে ৩২তম লিগ শিরোপা।
বায়ার্ন এমন একটা সময় বুন্দেসলিগার শিরোপা জিতল যখন কিনা চ্যাম্পিয়নস লিগ ব্যর্থতায় দলটির কোচ হুলিয়ান নাগেলসম্যান অগণিত মৃত্যুর হুমকি পেয়েছেন। এই জয় কোচের প্রতি সমর্থকদের আস্থা ফিরিয়ে আনবে।
২০১৯-২০ মৌসুমে ঘরোয়া লিগের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগও জয় করে বায়ার্ন। ওইবারের মতো সাফল্য এবার না পেলেও ঘরোয়া লিগে বায়ার্নের ধারেকাছেও নেই কোনো দল।
বায়ার্নের সাফল্যের মধ্য দিয়ে ইতিহাস গড়লেন টমাস মুলার। তিনি প্রথম খেলোয়াড় হিসেবে ১১টি বুন্দেসলিগা শিরোপা জয়ের গৌরব অর্জন করলেন। কাল জয় শেষে মুলারের প্রতিক্রিয়া ছিল এরকম, রেকর্ডটি গড়ার সুযোগ ছিল এটি। সম্প্রতি অনেক হতাশা ছিল এবং সেই খারাপ সময়টি তাড়াতে এটি আমাদের জন্য দারুণ এক সুযোগ হয়ে আসে। আমরা সবকিছু পেছনে ফেলতে পেরেছি। আর বিরক্তিকর কিছু নেই। এখন সবকিছু অসাধারণ। আমরা সত্যিই এটা জিততে চেয়েছিলাম। আপনি যত জিতবেন ততই জয়ের জন্য ক্ষুধার্ত হবেন।
টানা ৯ ম্যাচে অপরাজিত থেকে লিগ শিরোপা নিশ্চিত করল বায়ার্ন মিউনিখ এবং এবারের শিরোপার পথে মাত্র চারটি ম্যাচ হেরেছে বাভারিয়ানরা। ৩৩ গোল করে বায়ার্নের শিরোপা জয়ের সবচেয়ে বড় কারিগর লেভানডভস্কি। তিনি বলেন, দশটি লিগ শিরোপা জিতেছে এমন একটি দলের অংশ হতে পারাটা বিরাট গৌরবের। গত দুই সপ্তাহে সবার মনের অবস্থা ভালো ছিল না। কাজেই এই শিরোপা সবাইকে চাঙ্গা করবে।










