পার্থ ও অ্যাডিলেডে টানা দুটি ওয়ানডে ম্যাচে হারের পর অবশেষে সিডনিতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে কর্তৃত্ব করে জিতল ভারত। গতকাল অস্ট্রেলিয়াকে ২৩৬ রানে অলআউট করে দেয়ার পর রোহিত শর্মা ও বিরাট কোহলির অনবদ্য ব্যাটিংয়ে ভর করে ৬৯ বল ও ৯ উইকেট হাতে রেখে জিতেছে সফরকারীরা। ২৩৭ রান তাড়া করতে নেমে দলীয় ৬৯ রানে শুবমান গিলের উইকেট হারায় ভারত। এরপর ১৭০ বলে ১৬৮ রানের ক্ল্যাসিক এক জুটিতে ভারতের দাপুটে জয় নিশ্চিত করেন রোহিত ও কোহলি।

সদ্যই গিলের কাছে নেতৃত্ব হারানো রোহিত ১২৫ বলে ১২১ রান করেন ১৩ বাউন্ডারি ও ৩ ছক্কায়, আর কোহলি ৮১ বলে ৭ বাউন্ডারিতে ৭৪ রান করেন। তাদের মোটেও পরীক্ষায় ফেলতে পারেনি অজিদের বোলিং।

এদিন কুমার সাঙ্গাকারাকে টপকে ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন কোহলি। ৩০৫ ম্যাচে তার রান এখন ১৪ হাজার ২৫০। লংকান গ্রেট সাঙ্গাকারা ৪০৪ ম্যাচে করেছেন ১৪ হাজার ২৩৪ রান। ৪৬৩ ম্যাচে ১৮ হাজার ৪২৬ রান নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন শচীন টেন্ডুলকার। এছাড়া ১৩ হাজার রান করেছেন রিকি পন্টিং ও সনাথ জয়সুরিয়া; ১২ হাজার রান আছে মাহেলা জয়াবর্ধনের; ১১ হাজার রান আছে ইনজামাম-উল-হক, জ্যাক ক্যালিস, রোহিত শর্মা ও সৌরভ গাঙ্গুলীর এবং ১০ হাজার রান আছে রাহুল দ্রাবিড়, এমএস ধোনি, ক্রিস গেইল, ব্রায়ান লারা ও তিলকরত্নে দিলশানের।

কোহলি অবশ্য একটি জায়গায় নাম্বার ওয়ান। সর্বোচ্চ ৫১টি ওয়ানডে সেঞ্চুরির মালিক তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৯টি সেঞ্চুরি রয়েছে শচীনের।

গতকাল আগে ব্যাটিং করে ৪৬.৪ ওভারে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ম্যাট রেনশ ৫৮ বলে ৫৬, মিচেল মার্শ ৫০ বলে ৪১ রান করেন। ৩৯ রানে ৪ উইকেট নেন হরষিত রানা। জবাব দিতে নেমে রোহিত ও কোহলির ব্যাটিং ভারতকে জয় এনে দেয়। এবার দুই দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।