বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায় ৪৮তম কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। এই ম্যাচটি জিতলে শিরোপার সংখ্যায় ইতিহাস গড়বে আর্জেন্টিনা। ১৫টি শিরোপা জিতে উরুগুয়ের সঙ্গে যুগ্মভাবে রেকর্ডধারী লিওনেল মেসির দেশ। কাল জিতলে তাদের শিরোপা হয়ে যাবে ১৬টি, এককভাবে শীর্ষে উঠে যাবে তারা।

 

এবারই প্রথম কোপা আমেরিকায় প্রতিদ্বন্দ্বিতা করেছে ১৬টি দেশ। লাতিন ১০টি দলের সঙ্গে যোগ দেয় উত্তর, মধ্য ও ক্যারিবিয়ান অঞ্চলের আরো ছয়টি দেশ। এরা হলো—যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা, পানামা, কোস্টারিকা ও জ্যামাইকা। রেকর্ডসংখ্যক দল নিয়ে আয়োজন করা ৪৮তম কোপার শিরোপা জিতলে সেই দিক থেকেই রেকর্ড গড়বে আর্জেন্টিনা।

 

কোপায় সমান ১৫টি করে শিরোপা জিতেছে আর্জেন্টিনা ও উরুগুয়ে। এছাড়া ব্রাজিল নয়টি শিরোপা নিয়ে তিনে অবস্থান করছে। প্যারাগুয়ে, চিলি ও পেরু দুটি করে এবং কলম্বিয়া ও বলিভিয়া একবার করে লাতিন শ্রেষ্ঠত্ব পেয়েছে।

 

কোপার শুরুর দিকে দাপট ছিল উরুগুয়ের। প্রথম ১০ আসরের মধ্যে ছয়বারই তারা চ্যাম্পিয়ন হয়েছে। যদিও তখন টুর্নামেন্টের শিরোপা নির্ধারিত হতো রাউন্ড রবিন ভিত্তিতে। প্রথম ২৯টি আসর এবং পরে আরো দুটি মিলে মোট ৩১টি কোপার শিরোপা নির্ধারণ হয়েছে রাউন্ড রবিন লিগ লড়াইয়ে।

 

১৯২১ সালে পঞ্চম আসরে নিজেদের মাঠে শিরোপা জয় করে আর্জেন্টিনা। এরপর আরো ১৪ বার শিরোপা জিতেছে ‘আলবিসেলেস্তে’রা। সর্বশেষ ২০২১ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোর প্রবাদতুল্য মারাকানা স্টেডিয়ামে ফাইনালে স্বাগতিক ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ১৫তম শিরোপা জিতে উরুগুয়েকে ছুঁয়ে ফেলে লিওনেল মেসির দল। সোমবার ভোরে শিরোপা ছুঁতে পারলেই ‘লা সেলেস্তে’দের (আকাশী নীল) টপকে এককভাবে শীর্ষে উঠে যাবে ‘লা আলবিসেলেস্তে’ (সাদা ও আকাশী নীল)।

 

এবারের ফাইনালিস্ট কলম্বিয়া একবার কোপা আমেরিকা শিরোপা জিতেছে। ২০০১ সালে মহাদেশীয় আসরের আয়োজক দেশটি ফাইনালে মেক্সিকোকে ১-০ গোলে হারিয়ে শিরোপা উৎসব করে। হামেশ রদ্রিগেজের দল আজ কোপায় দেশকে দ্বিতীয় শিরোপা উপহার দিতে উদগ্রীব হয়ে আছেন। ওদিকে, মেসি, ডি মারিয়া, আলভারেজদের সামনেও ইতিহাস গড়ার ডাক।