নাগপুর টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের পর এবার দিল্লিতেও
অস্ট্রেলিয়াকে হারাল ভারত। আজ তৃতীয় দিন অজিদের মাত্র ১১৩ রানে অলআউট করে ১১৫
রানের জয়ের টার্গেট পায় ভারতীয়রা। চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রোহিত
শর্মার দল। এই জয়ে চার টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
৪২ রানে সাত উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে
১১৩ রানে অলআউট করতে অগ্রণী ভূমিকা রাখেন বামহাতি অর্থোডক্স স্পিনার রবীন্দ্র
জাদেজা। আর বামহাতি অফস্পিনার রবিচন্দ্র অশ্বিন নেন তিনটি উইকেট। দুই স্পিনারের
ঘূর্ণির ছোবলে ৪৮ রানের মধ্যে শেষ নয়টি উইকটে হারায় সফরকারী দলটি। অথচ তারা দিন
শুরু করেছিল ৬১/১ স্কোর নিয়ে। ট্রাভিস হেড ৪৩ ও মার্নুস লাবুশেন ৩৫ রান করার পর আর
কেউই দুই অঙ্কের নাগালও পাননি।
এরপর অজিরাও স্পিন আক্রমণে ভারতের চারটি উইকেট তুলে
নেয়ার কৃতিত্ব দেখায়। যদিও ১১৫ রানের টার্গেটটা টপকানো ভারতের জন্য মোটেও কঠিন
হয়নি। রোহিত শর্মা ও চেতেশ্বর পুজারা উভয়ই ৩১ রান এবং শ্রীকর ভারত ২৩ ও বিরাট
কোহলি ২০ রান করে দলকে জেতান।
এই জয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের
কাছাকাছি পৌঁছে গেল ভারত। ১৭ ম্যাচে ১৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া,
আর ভারত ১৬ ম্যাচে ১২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে।










