টি-টোয়েন্টি সিরিজ শেষে এবার ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এই
ম্যাচ সামনে রেখে বাংলাদেশ দলনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, তারা একটা দল হিসেবে খেলতে চান।
সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘দল হিসেবে খেলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা যখন
দল হিসেবে খেলি, তখন আমাদের ম্যাচ জেতার সুযোগ বেশি থাকে। মাঠের মধ্যে একটি দল হিসেবে
খেলছি কিনা, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ম্যাচ জিতি কিংবা হারি না কেন, একটি দল হিসেবে
খেলা গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডে কিন্তু আমরা একটি দল হিসেবে খেলতে ও যেকোনো পরিস্থিতিতে
জিততে চেয়েছি। কাজেই পরের বিশ্বকাপ আসা পর্যন্ত এটাই আমাদের মূল লক্ষ্য থাকবে যে, আমরা
একটি দল হিসেবে কতটা ভালো ক্রিকেট খেলতে পারি। আগামী তিন-সাড়ে তিন বছর আমরা একসাথে
কতটুকু আছি সেটি গুরুত্বপূর্ণ।’
চিরাচরিতভাবে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে বাংলাদেশ ভালো করেছে। যদিও এবার সেই
গৌরব ম্লান হওয়ার পথে। কারণ ২০২৩ সালে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের কাছে টানা
দুটি হোম সিরিজ হেরেছে টাইগাররা। এবার লংকানদের সঙ্গে না পারলে ২০১১ সালের পর টানা
তিনটি ওয়ানডে সিরিজে পরাজয়ের গ্লানি পাবে বাংলাদেশ দল।
উপমহাদেশের দুই ক্রিকেট জাতির ওয়ানডে দ্বৈরথে লংকানরা অনেক অনেক এগিয়ে। ১৯৮৮ সালে
শুরু এই দ্বৈরথে ৫৪ ম্যাচ খেলে তারা এখন পর্যন্ত ৪২টি জিতেছে, আর বাংলাদেশের জয় মাত্র
১০টি। এশিয়া কাপ, বিশ্বকাপ ও অন্যান্য আসর বাদে দুই দেশ এখন পর্যন্ত ৯টি দ্বিপাক্ষিক
ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে, যার মধ্যে শ্রীলংকা ৬টি ও বাংলাদেশ মাত্র ১টি সিরিজ
জিততে সমর্থ হয়েছে, আর টাইগাররা জিতেছে দুই দলের সর্বশেষ সিরিজটা।
সাকিব আল হাসানের না থাকা নিয়ে বাংলাদেশ দলনায়ক শান্ত বলেন, ‘এবার তো সাকিব ভাই
নেই। কাজেই কম্বিনেশনে একটু এদিক ওদিক হবে। কারণ উনি থাকলে টিমটা করা আমাদের জন্য সহজ
হয়। ওইটা মাথায় রেখেই আমরা আমাদের ব্যাটিং অর্ডারটা সাজাব। টিমের জন্য যেটা বেটার হবে
সেটাই আমরা করার চেষ্টা করব। তবে ব্যাটিং অর্ডারটা আশা করছি ঠিকই থাকবে।’
কাল একাদশে কে কে থাকবেন? এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘যে ১৫ জন স্কোয়াডে আছে
সবারই খেলার সম্ভাবনা ও সুযোগ আছে। কালকে হয়তো সিদ্ধান্তটা নেব যে কোন ১১ জন খেলবে।
সর্বশেষ রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) যুক্ত হয়েছেন, তিনি সর্বশেষ সিরিজটা ইনজুরির কারণে
খেলতে পারেননি। এটা একটা ভালো দিক আমাদের টিমের জন্য। কাজেই কাল সম্ভাব্য সেরা ১১ জনই
খেলবেন বলে আশাকরি। যারা সুস্থ থাকবেন তারাই খেলবে ইনশাল্লাহ।’










