আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া হার্ড-কোর্ট টুর্নামেন্ট সিনসিনাটি মাস্টার্স থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন নোভাক জোকোভিচ। কভিড-১৯ এর প্রতিরোধক টিকা না গ্রহণ করলে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি নেই। যার ফলে এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
শুধু তাই নয়, আগামী ২৯ আগস্ট শুরু হতে যাওয়া ইউএস ওপেনেও খেলার সম্ভাবনা ক্ষীণ সার্বিয়ান টেনিস তারকার।
চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি নোভাক জোকোভিচ। মেলবোর্নে তাকে আটকের পর ভিসা বাতিল করা হয়। পরবর্তীতে আদালত পর্যন্ত গড়ায় এ সমস্যা। এবার ইউএস ওপেনে থেকেও বাদ পড়েন কি-না তা কয়দিন পরেই জানা যাবে।
ইউএস ওপেনে খেলোয়াড়দের জন্য টিকা নেয়ার বাধ্যবাধকতা নেই। তবে টিকাবিহীন নন-মার্কিন নাগরিকদের দেশটিতে প্রবেশের অনুমতি নেই।
সরকারের নিয়াম অনুযায়ী যুক্তরাষ্ট্রে বিদেশী নাগরিকদের ঢুকতে হলে কভিড-১৯ প্রতিরোধক টিকা দিতে হবে। এই নিয়মেই মূলত আটকে যাবেন তিনবারের ইউএস ওপেনের চ্যাম্পিয়ন জোকোভিচ। আয়োজকদের পক্ষ থেকে কোনো বাধা না থাকলেও সরকারি নিয়মের কারণে টিকা দেয়া ছাড়া নন-আমেরিকানরা সেখানে ঢুকতে পারবেন না।
কিছু দিন আগেই উইম্বলডন জিতে ক্যারিয়ারের ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের ট্রফি হাতে তুলেছেন তিনি। আরেকটি জিতলেই সুযোগ ছিল সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ী রাফায়েল নাদালকে (২২) ছোঁয়ার। ডেইলি মেইল










