ক্লাবের কিংবদন্তি ফুটবলার সার্জিও আগুয়েরোর অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ভাস্কার্য উন্মোচন করবে ম্যানচেস্টার সিটি। ২০১১-১২ মৌসুমে যে দিন ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম শিরোপা জিতেছিল ম্যানসিটি, আগামী ১৩ মে সেই শিরোপার দশম বর্ষপূর্তিতে ইতিহাদ স্টেডিয়ামের বাইরে এই ভাস্কর্যটি উন্মোচন করা হবে।

 

১০ বছর আগে সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকারের গোলেই সিটি ৪৪ বছরের শিরোপা খরা কাটিয়ে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। ২০১১-১২ মৌসুমের প্রিমিয়ার লিগের শেষ দিনে কুইন্স পার্ক রেঞ্জার্সকে ৩-২ গোলে পরাজিত করে শিরোপা জয় করে সিটি।

 

ম্যাচের শেষ দুটি গোলই হয়েছিল যোগ করা সময়ে। ঐতিহাসিক শিরোপা জয়ের পথে জয়সূচক গোলটি করেছিলেন আগুয়েরো। নির্দিষ্ট সময়ে ২-১ গোলে পিছিয়ে ছিল ম্যানসিটি। ৯০+২ মিনিটে এডিন জেকো দলকে সমতায় ফেরান। যোগ করা সময়ের শেষ মিনিটে (৯০+৪ মিনিট) জয় নিশ্চিত করেন আগুয়েরো। প্রথম গোলটি করেছিলেন জাতীয় দলের সতীর্থ ডিফেন্ডার জাবালেতা। ওই মৌসুমে ম্যানইউ-ম্যানসিটির মৌসুম শেষ হয় সমান ৮৯ পয়েন্টে। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা জেতে সিটিজেনরা। সিটি হেরে গেলেই শিরোপা জিতত ম্যানইউ!

 

প্রায় এক দশকে সিটির হয়ে ৩৯০ ম্যাচে ক্লাব রেকর্ড ২৬০ গোল করেন আর্জেন্টাই স্ট্রাইকার। এই সময়ের মধ্যে চারটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ ও ছয়টি লিগ কাপের শিরোপা উপহার দিয়েছেন সিটিকে। গত মৌসুমে তিনি সিটি ছেড়ে ফ্রি ট্রান্সফার সুবিধায় বার্সেলোনায় যোগ দেন। কিন্তু হূদরোগে আক্রান্ত হওয়ার পর গত ডিসেম্বরে ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৩৩ বছর বয়সী আগুয়েরো। এর আগে তার সাবেক দুই সতীর্থ ডেভিড সিলভা ও ভিনসেন্ট কম্পানির ভাস্কর্যও গত বছরের আগস্টে উন্মোচন করেছিল সিটি।