বিশ্বকাপ শেষে শুরু হয়েছে ক্রিকেট দলের ব্যস্ততা। মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা। চলতি এপ্রিলে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তাদের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে ২ মে। মাত্র ছয়দিনের বিরতি দিয়ে আবার মাঠে নামতে হবে নাজমুল হোসেন শান্তদের। পাকিস্তানের সঙ্গে দুই টেস্টের হোম সিরিজ খেলবে টাইগাররা। এরপর সীমিত ওভারের সিরিজ খেলতে জুনে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
পাকিস্তান টেস্ট দল বাংলাদেশে পা রাখবে ২ মে। ৮ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৬ মে। বাংলাদেশ ও পাকিস্তান সর্বশেষ টেস্ট খেলেছে ২০২৩ সালে। রাওয়ালপিন্ডিতে দুটি ম্যাচেই জিতেছে বাংলাদেশ। সেটাই ছিল পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো টাইগারদের টেস্ট জয়ের কীর্তি। এর আগে ১৩ ম্যাচে বাংলাদেশ কখনো হারাতে পারেনি পাকিস্তানকে।
এবারের দুটি ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ফলে দুই দলের জন্যই এ সিরিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছর শ্রীলংকায় টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলে একটিতে হেরে যায় নাজমুল হোসেন শান্তর দল, আরেকটি ড্র করার কৃতিত্ব দেখায়।
বাংলাদেশ সফরের জন্য গতকাল ১৬ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ দলে চারজন নতুন মুখ ঠাঁই পেয়েছেন।
বাংলাদেশ সফরে হেড কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ, যিনি গত মাসে আন্তর্জতিক ক্রিকেট থেকে অবসর নেন। অধিনায়ক হিসেবে ২০১৭ সালে পাকিস্তানকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছিলেন সরফরাজ। এ মাসের শুরুর দিকে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে পাকিস্তান শাহিনস দলের মেন্টর ও ম্যানেজার ছিলেন তিনি। এছাড়া সাবেক টেস্ট ব্যাটার আসাদ শফিক ব্যাটিং কোচ ও তারকা পেস বোলার উমর গুল বোলিং কোচের দায়িত্ব সামলাবেন। শফিক তিন ফরম্যাটেই খেললেও তিনি ছিলেন টেস্ট স্পেশালিস্ট। ৭৭ ম্যাচে ১২ সেঞ্চুরিতে করেছেন ৪ হাজার ৬৬০ রান। গুলও তিন ফরম্যাটে খেলেছেন। সব মিলিয়ে ২৩৭ ম্যাচে ৪২৭ উইকেট শিকার করেছেন।
দলে নতুন মুখ আব্দুল্লাহ ফজল, আজান আওয়াইস, গাজী ঘোরি ও আমাদ বাট। এর মধ্যে শুধু ঘোরির আছে আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা। তিনি পাকিস্তানের হয়ে একটি ওয়ানডে খেলেছেন। ওই ম্যাচটিও খেলেছেন মিরপুরে। গত মাসে বাংলাদেশের মাঠে তিনটি ওয়ানডে খেলেছে পাকিস্তান। ওই সিরিজেই অভিষেক ঘটে ঘোরির। এবার বাংলাদেশে টেস্ট খেলার সুযোগ আসতে পারে তার।
অধিনায়ক হিসেবে বহাল রয়েছেন শান মাসুদ। তবে সম্পূর্ণ নতুন কোচিং স্টাফের সঙ্গে কাজ করতে হবে তাকে। সরফরাজ, গুল কিংবা আসাদ শফিকের সঙ্গে আগে কাজ করা হয়নি তার।
বাংলাদেশে টেস্ট সিরিজ সামনে রেখে ২৭ এপ্রিল থেকে করাচিতে ক্যাম্প করতে যাচ্ছে পিসিবি, শেষ হবে ১ মে। যারা পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন তারা ছাড়া বাকিরা এ ক্যাম্পে যোগ দেবেন। ক্যাম্প শেষে শান মাসুদরা বাংলাদেশে আসবেন ২ মে। যেসব খেলোয়াড় ৩ মে পিএসএল ফাইনালে অংশ নেবেন, তারা পরে বাংলাদেশে দলের সঙ্গে যোগ দেবেন।
পাকিস্তানের কাছে ১৩ টেস্টের মধ্যে ১২টিতে হারের পর অবশেষে ২০২৩ সালে জয়ের মুখ দেখে বাংলাদেশ। পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডিতে দুটি ম্যাচ খেলে দুটিই জিতে যায় শান্তর দল। টেস্টে হোম কিংবা অ্যাওয়েতে সেটাই ছিল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। বাংলাদেশের মাঠে আটটি টেস্ট খেলেছে পাকিস্তান। এর মধ্যে একটি বাদে সবগুলোতেই বড় জয় পেয়েছে তারা। চারটিই ছিল ইনিংস ব্যবধানে জয়। এছাড়া ৩২৮ রানে, ৮ উইকেটে ও ৭ উইকেটে জয়ের কৃতিত্ব দেখায় তারা। তামিম ইকবালের ডাবল সেঞ্চুরিতে ভর করে ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের সঙ্গে ড্র করেছিল বাংলাদেশ। এবার বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে কি ক্রিকেট দলকে উজ্জীবিত করতে পারবেন তামিম?
প্রায় ১৫ বছর পর বাংলাদেশের মাঠে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অজিরা। তারা ১৩ দিনের বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও সমান তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এর আগে ২০১১ সালে সর্বশেষ বাংলাদেশের মাঠে ওয়ানডে সিরিজ খেলে ছয়বারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা, তার আগেরটি খেলে ২০০৮ সালে। ২০২১ সালে বাংলাদেশের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলে ১-৪ ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া।
আগামী ৯, ১১ ও ১৪ জুন ঢাকায় তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর চট্টগ্রামে তিনটি টি-টোয়েন্টি যথাক্রমে ১৭, ১৯ ও ২১ জুন। দুই দেশের বোর্ড এখনো ম্যাচ শুরুর সময় নিয়ে আলোচনা করেনি। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার চলতি ওয়ানডে সিরিজে খেলা শুরু হবে বেলা ১১টায়। অস্ট্রেলিয়া সিরিজেও এমনটি হতে পারে, যদি খরতাপ অসহনীয় পর্যায়ে না পৌঁছায়।
পাকিস্তান থেকে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। পাকিস্তান সফরে তারা তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে। পাকিস্তানে সিরিজ শুরু হবে ৩১ মে।
২০১১ সালের বাংলাদেশ সফরে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় করে অস্ট্রেলিয়া। ওই সিরিজের দ্বিতীয় ম্যাচে শেন ওয়াটসন ১৫ ছক্কা ও সমান বাউন্ডারিতে মাত্র ৯৬ বলে ১৮৫ রানের টর্নেডো ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জিতিয়েছিলেন ৯ উইকেটের বিশাল ব্যবধানে। ওই সিরিজে অধিনায়ক হিসেবে অভিষেক ঘটেছিল মাইকেল ক্লার্কের। সিরিজে ক্লার্ক ও মাইকেল হাসি সেঞ্চুরি করেন।
এখন পর্যন্ত ২২টি ওয়ানডেতে মুখোমুখি হয়ে বাংলাদেশ মাত্র একটি জিততে সমর্থ হয়েছে। ২০০৫ সালে ইংল্যান্ডে ন্যাটওয়েস্ট সিরিজে মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল লাল-সবুজরা। বাংলাদেশের মাটিতে ছয়টি ওয়ানডের সবগুলোই জিতেছে অজিরা। টি-টোয়েন্টিতে অপেক্ষাকৃত ভালো করেছে বাংলাদেশ। এ ফরম্যাটে ১১ বারের মোকাবেলায় চারটি জয় পেয়েছে বাংলাদেশ, বাকি সাতটি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টিতে নিজেদের মাঠে ছয় ম্যাচ খেলে দুটি জিতেছে বাংলাদেশ।
২০২৭ সালের শেষ দিকে পরবর্তী বিশ্বকাপ বসবে আফ্রিকার তিন দেশ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা শিরোপা ধরে রাখার প্রস্তুতি এখনই শুরু করে দিচ্ছে। বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ ছাড়াও ২০২৬ সালে জিম্বাবুয়ে (অ্যাওয়ে), দক্ষিণ আফ্রিকা (অ্যাওয়ে) ও ইংল্যান্ডের (হোম) সঙ্গে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।
বিশ্বকাপের পর টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথমেই নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এর মধ্য দিয়ে দুই বছরের চক্র শুরু করতে যাচ্ছে লিটন দাসের দল, যে সময় ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৮ সালের অলিম্পিক গেমস অন্তর্ভুক্ত রয়েছে। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
হোম সিরিজের বাইরে আগস্টে দুই টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচের ভেন্যু ডারউইন ও ম্যাকে। সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। যদিও ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের মধ্যকার সিরিজ অনিশ্চিত হয়ে পড়েছে। এছাড়া পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।










