দেশের মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান ‘রবি’ আগামী সাড়ে
তিন বছরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হলো। আজ শুক্রবার দুপুরে মিরপুর
শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি ও রবি আজিয়াটা লিমিটেডের মধ্যে চুক্তি এ সংক্রান্ত চুক্তি
সই হয়। রবির পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা
(সিইও) রাজীব শেঠি এবং বিসিবির পক্ষে সংস্থাটির সিইও নিজামউদ্দিন চৌধুরী চুক্তিতে সই
করেন।
এ সময় বিসিবির মিডিয়া বিভাগের প্রধান তানভীর আহমেদ টিটু,
রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত
ছিলেন। বিসিবির সিইও জানান, এই চুক্তি থেকে ৫০ কোটি টাকা পাবে বিসিবি।
জাতীয় ক্রিকেটর দলের সঙ্গে অবশ্য রবির পথচলা এই প্রথম
নয়। ২০১৫ সালের জুন থেকে ২০১৮ সালের আগস্ট পর্যন্ত বিসিবির প্রধান পৃষ্ঠপোষক ছিল রবি।
ওই সময়ের মধ্যে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ভারতের সঙ্গে ব্যাক-টু-ব্যাক ওয়ানডে সিরিজ
জয়ের গৌরব অর্জন করে টাইগাররা। সেই সাফল্যের পুনরাবৃত্তির আশায় রবি দ্বিতীয়বারের মতো
যুক্ত হলো টাইগারদের সঙ্গে।
রবি স্পন্সর থাকাকালে বাংলাদেশ ২০১৬ সালে এশিয়া কাপে রানার্সআপ
হয় এবং ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা করে
নেয়। এছাড়া রবির ফাস্ট বোলার হান্ট ক্যাম্পেইন থেকে বাংলাদেশ পেয়েছে পেসার এবাদত হোসেনকে।
বর্তমানে চোটের কারণে তিনি মাঠের বাইরে রয়েছেন।
বাংলাদেশের মানুষের কাছে ক্রিকেট এক অবিরাম ভালোবাসার
নাম। বিশ্বমঞ্চে বাংলাদেশ ক্রিকেটের যে কোনো অর্জন দেশের মানুষ ও পুরো দেশকে দারুণভাবে
ঐক্যবদ্ধ করে সামনে এগোনোর অনুপ্রেরণা দেয়। ব্র্যান্ড স্লোগান 'পারবে তুমিও'-এই চেতনা
ধারণ করে ক্রিকেটের মাধ্যমে অদম্য বাংলাদেশকে এগিয়ে নিতে চায় রবি।
রবির এমডি ও সিইও রাজীব শেঠি বলেন, এ দেশের ক্রিকেটের
অনেক প্রথম সাফল্যের সঙ্গে রবির নামটি যুক্ত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, রবির ‘পারবে
তুমিও’ চেতনায় উদ্দীপ্ত হয়ে টাইগাররা আগামীতেও বিশ্বমঞ্চে আরো বড় বড় সাফল্য বাংলাদেশের
জন্য নিয়ে আসবে। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আবারো নিবিড়ভাবে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে
রবি গর্বিত। সব বাধা পেরিয়ে সামনে এগোনোর এ রোমাঞ্চকর যাত্রায় রবিকে সব সময় পাশে পাবে
বাংলাদেশ ক্রিকেট।
বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে নতুন এ যাত্রায় রবিকে স্বাগত জানিয়ে বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘জাতীয় দলের স্পনসর হিসেবে রবির মতো প্রতিষ্ঠানকে পাশে পেয়ে বিসিবি আনন্দিত। এ পার্টনারশিপের মাধ্যমে সামনের দিনে বাংলাদেশের ক্রিকেট নতুন উচ্চতায় পৌঁছে যাবে বলে আমরা প্রত্যাশা করি।’
সর্বশেষ ই-কমার্স প্রতিষ্ঠান দারাজের সঙ্গে দুই বছরের
চুক্তি ছিল বিসিবির। ২০২১ সালের ৭ এপ্রিল থেকে ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত জাতীয়
দলের পৃষ্ঠপোষক ছিল দারাজ। বিশ্বকাপের পর তাদের সঙ্গে চুক্তি শেষ হয়।
আগের চুক্তিটা পূর্ণ হওয়ার ৮ মাস আগেই সমাপ্তি টানতে হয়। আবার ঠিক কী কারণে ফিরে এলো রবি? এমন প্রশ্নে জবাবে রবির চিফ কমার্শিয়াল অফিার শিহাব আহমাদ বলেন, ‘জাতীয় দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করা সব সময়ই একটা গর্বের ব্যাপার। আমরা সব সময়ই এমন একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। আগে মিউচুয়ালি দুই পক্ষের চুক্তিটা শেষ হয়েছে। আমরা আবার নতুন আশা নিয়ে বিসিবিতে ফিরে এসেছি। আশাকরি, এবার আমাদের পার্টনারশিপটা সফল হবে বলেই আশা করছি।’
রবি আজিয়াটা লিমিটেডের
চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলমের কাছে জানতে চাওয়া হয়েছিল, সর্বশেষ
প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে রেকর্ড আয় করেছে রবি। এ বিষয়টিই কি ক্রিকেটে বিনিয়োগ
করতে আপনাদের উদ্বুদ্ধ করেছে? উত্তরে তিনি বণিক বার্তাকে বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের
সঙ্গে রবির সম্পৃক্ততা অনেক দিনের। তৃতীয় দফায় স্পনসর হওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট
বোর্ডের সঙ্গে আমাদের আলাপ-আলোচনা আরো আগে থেকেই চলে আসছিল। কোম্পানির আয় আর ব্র্যান্ডিং—
এ ক্ষেত্রে দুটি ভিন্ন বিষয়। ক্রিকেট এ দেশে
এমন একটি খেলা যা আমাদের পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে। একইভাবে আমাদের ব্র্যান্ড স্লোগান
'পারবে তুমিও'-এর মাধ্যমে আমরা পুরো জাতিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেয়ায় ভূমিকা রাখতে
চাই। আমাদের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদও সব সময়ই
খেলাধুলার সঙ্গে জনসম্পৃক্ততার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। বাংলাদেশ ছাড়াও
মালয়েশিয়া, শ্রীলংকায়ও আজিয়াটা গ্রুপ বারহাদ ক্রিকেট, ব্যাডমিন্টনের স্পন্সর হিসেবে
কাজ করেছে।’
সামগ্রিকভাবে বিসিবির
সঙ্গে পার্টনারশিপ নিয়ে খুশি রবি। সাহেদ আলম এ নিয়ে বলেন, ‘বিসিবির সঙ্গে আমাদের পার্টনারশিপ
নিয়ে আমরা সন্তুষ্ট। দীর্ঘ আলাপ-আলোচনার মাধ্যমে দুই পক্ষই একটি সন্তোষজনক
চুক্তি করেছি বলে আমরা মনে করি।’










