চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বুধবার শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে টস হেরে বোলিং করছে বাংলাদেশ। দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও আভিস্কা ফার্নোন্দো শ্রীলংকাকে ঝড়ো সূচনা এনে দেন। ১০ ওভারের প্রথম পাওয়ার প্লের পুরো সদ্ব্যবহার করে তারা ৭১ রান তুলে নেন। অবশেষে দশম ওভারে ফার্নান্দোকে আউট করে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন পেস বোলার তানজিম হাসান সাকিব।

 

এখানেই শেষ নয়। টানা তিন ওভারে তিন উইকেট শিকার করে বাংলাদেশকে ম্যাচে ফেরান  তানজিম। ফার্নান্দোকে আউট করার পর ১২তম ওভারে পাথুম নিশাঙ্কা ও ১৪তম ওভারে সাদিরা সামারাবিক্রমাকে সাজঘরে ফেরান তিনি। যদিও এরপর সতর্ক হয়ে খেলতে শুরু করে লংকানরা। এ প্রতিবেদন লেখার সময় অতিথি দলের সংগ্রহ ছিল ২৫ ওভারশেষে ১২৭/৩। কুশল মেন্ডিস ৩২ ও চারিথ আসালঙ্কা ৮ রানে ব্যাট করছিলেন।

 

এই ম্যাচে তিন সিমার, দুই স্পিনার ও ছয় স্পেশালিস্ট ব্যাটার নিয়ে খেলছে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানের জায়গা নেন তানজিম হাসান। তিনি আস্থার প্রতিদান দেন দারুণভাবে।

 

টস জয়ের পর শ্রীলংকার অধিনায়ক কুশল মেন্ডিস বলেছেন, তারা বোর্ডে ৩০০ কিংবা ২৮০ রানের মতো তুলতে চান।

 

উপমহাদেশের দুই ক্রিকেট জাতির ওয়ানডে দ্বৈরথে লংকানরা অনেক অনেক এগিয়ে। ৫৪ ম্যাচ খেলে তারা এখন পর্যন্ত ৪২টি জিতেছে, আর বাংলাদেশের জয় মাত্র ১০টি। এশিয়া কাপ, বিশ্বকাপ ও অন্যান্য আসর বাদে দুই দেশ এখন পর্যন্ত ৯টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে, যার মধ্যে শ্রীলংকা ৬টি ও বাংলাদেশ মাত্র ১টি সিরিজ জিততে সমর্থ হয়েছে, আর টাইগাররা জিতেছে দুই দলের সর্বশেষ সিরিজটা। ২০২১ সালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজে ২-১-এ জয়লাভ করে স্বাগতিকরা।

 

এর আগে সিলেটে তিন ম্যাচের টি২০ সিরিজে ২-১-এ জিতেছে শ্রীলংকা।

 

একাদশ

বাংলাদেশ: সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব।   

 

শ্রীলংকা: পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, জেনিত লিয়ানাজে, ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা, মহেশ থিকসানা, প্রমোদ মদুশান, দিলশান মদুশঙ্কা ও লাহিরু কুমারা।