অস্ট্রেলিয়ার ম্যাচ জিততে শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ৩৫ রান। ১৯ তম ওভারেও আছে ১৯ রান। শেষ ৬ বলে ১৬ রানের লক্ষ্যে প্রথম তিন বলে অস্ট্রেলিয়া নেয় মাত্র চার রান। এরপর ফের দৃশ্যপটে ডেভিড। টিম সাউদিকে ছক্কার পর ডাবল নিয়ে বাঁচিয়ে রাখলেন সফরকারীদের আশা। শেষ বলে চার রানের সমীকরণ মিলিয়ে দলকে দুর্দান্ত এক জয় এনে দিলেন তিনি। 

বুধবার (২১ ফেব্রুয়ারি) ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। স্বাগতিক নিউ জিল্যান্ডের ২১৫ রান তারা পেরিয়ে গেছে ম্যাচের শেষ বলে। এ মাঠে প্রথমবার দুইশ রান তাড়া করে জিতল কোনো দল।

নিউ জিল্যান্ডের বিপক্ষে জয়ের মূল নায়ক অধিনায়ক মার্শ। তার ব্যাট থেকে ৪৪ বলে দুটি চার ও ৭টি ছক্কায় করেন ৭২ রান, যেটা ছিল দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস। তবে শেষ দিকে ডেভিডের অতিমানবীয় ব্যাটিংয়েই জয় পায় অস্ট্রেলিয়া। মাত্র ১০ বলে দুটি চার ও তিনটি ছক্কায় হার না মানা ৩১ রানের ইনিংস খেলেন এ ব্যাটার।

টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫ দশমিক ২ ওভারেই ৬১ রান তোলে নিউ জিল্যান্ড। ১৭ বলে ৩১ রান করে ফিন অ্যালেন আউট হয়ে গেলে দ্বিতীয় উইকেটের জুটিতে ঝড় তোলেন ডেভন কনওয়ে ও রাচিন রাবিন্দ্রা। ৬৪ বলে ১১৩ রান তোলেন এ দুই ব্যাটার। দুইজনেই হাঁকান দুর্দান্ত ফিফটি। কনওয়ে ৪৬ বলে ৬৩ ও রাবিন্দ্র ৩৫ বলে করেন ৬৮ রান। শেষ দিকে গ্লেন ফিলিপস ১০ বলে ১৯* ও মার্ক চাপম্যান ১৩ বলে করেন ১৮* রান।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ১৫ বলে ২৪ রান করে অ্যাডাম মিলনের শিকার হয়ে সাজঘরে ফেরেনে ট্রাভিস হেড। অন্য ওপেনার ডেভিড ওয়ার্নার ২০ বলে ৩২ রানের ইনিংস খেলে স্যান্টনারের বলে আউট হয়। ইনিংস লম্বা করতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েলও। ১১ বলে ২৫ রান করে লকি ফার্গুসনের বলে বোল্ড হন তিনি। অস্ট্রেলিয়ার জয়ের জন্য তখন প্রয়োজন ৫৭ বলে ১০৫ রান।

জশ ইংলিশকে নিয়ে চতুর্থ উইকেটে ৬১ রান যোগ করেন মিচেল মার্শ। উইকেটরক্ষক-ব্যাটার ইংলিশ ২০ বলে ২০ রানে স্যান্টনারের বলে সাজঘরে ফেরেন। অসিদের শেষ দুই ওভারে দরকার ছিল ৩৫ রান। মিলনের করা ১৯তম ওভারের চতুর্থ বলে চার এবং পঞ্চম ও ষষ্ঠ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমান টিম ডেভিড। তাতে শেষ ওভারে সফরকারীদের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬ রান। সেটিও তুলে নেন ডেভিড। অস্ট্রেলিয়াকে জেতানো ডেভিড মাত্র ১০ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন। ৪৪ বলে ৭ ছক্কা ও ২ চারে ৭২ রানের ইনিংস খেলেন মার্শ।

এ জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।