ক্রাইস্টচার্চ টেস্টে দুর্দান্ত এক
ক্রিকেটীয় দিন কাটল। দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে ৮৩ রান নিয়ে চতুর্থ দিন মাঠে নামা
শ্রীলংকা শেষ পর্যন্ত ৩০২ রান তুলে নেয়। এরপর ২৮৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা
নিউজিল্যান্ডকে চেপে ধরেন লংকান বোলাররা। তাতে ১৭ ওভারে এক উইকেট হারিয়ে মাত্র ২৮
রান তুলতে সমর্থ হয় স্বাগতিকরা। সোমবার পঞ্চম ও শেষ দিন জিততে তাদের প্রয়োজন আরো
২৫৭ রান।
প্রথম ইনিংসে ৪৭ রান করে সনাথ জয়সুরিয়াকে
টপকে যাওয়া অ্যাঞ্জেলো ম্যাথুস দ্বিতীয় ইনিংসে খেললেন ১১৫ রানের দুর্দান্ত নক। ২৩৫
বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন ১১টি বাউন্ডারির সাহায্যে।
ধনঞ্জয়া ডি সিলভা (৪৭) ও দিনেশ চান্দিমালকে
(৪২) নিয়ে কার্যকর দুটি জুটি গড়েন তিনি। চান্দিমালকে নিয়ে ১০৫ ও ধনঞ্জয়াকে নিয়ে ৬০
রান যোগ করেন তিনি।
ক্যারিয়ারের ১০১তম টেস্টে এটা ম্যাথুজের
১৪তম সেঞ্চুরি। এছাড়া হাফসেঞ্চুরি করেছেন ৩৮টি। তার সর্বোচ্চ ইনিংস ২০০। আজ নিউজিল্যান্ডে
ব্লেয়ার টিংকার চারটি, ম্যাট হেনরি তিনটি ও টিম সাউদি দুটি উইকেট নেন।
লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৯ রানের মাথায়
ডেভন কনওয়ের উইকেট হারায় নিউজিল্যান্ড। ফিরতি বলে ক্যাচ নেন কাসুন রাজিথা। ৬ ওভারে
৫ রান দিয়ে এক উইকেট নেন তিনি। রাজিথার সঙ্গে দুর্দান্ত বোলিং করেন আসিথা ফার্নান্দো।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলংকা: ৩৫৫ ও ৩০২। নিউজিল্যান্ড: ৩৭৩ ও
২৮/১। চতুর্থ দিন শেষে।










