এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বের
প্রথম রাউন্ডে বুধবার তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে বিধ্বস্ত করে শুভসূচনা পায়
বাংলাদেশ। বিশাল জয়ে তুলে নেয়ার পরদিন আজ বৃহস্পতিবার সকালে অনুশীলনে নামে গোলাম
রাব্বানী ছোটনের দল। বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১০টা (সিঙ্গাপুর সময়
সকাল ১০:৩০ থেকে ১২টা) পর্যন্ত জালান বিসার স্টেডিয়ামে রিকভারি ট্রেনিং সেশন
সম্পন্ন করে রুমা আক্তারের দল। বিকালে টিম হোটেলে সুইমিং সেশন সম্পন্ন করে তারা।
বাংলাদেশের কিশোরী ফুটবলাররা আগামীকাল
শুক্রবার সিঙ্গাপুর সময় সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জালান বিসার
স্টেডিয়ামে অনুশীলন করবে। ৩০ এপ্রিল প্রথম রাউন্ডে ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ
ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ দল।
২৯টি দল আট গ্রুপে বিভক্ত হয়ে প্রথম রাউন্ডে
অংশ নিচ্ছে। এই আট গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আটটি দল যাবে দ্বিতীয় রাউন্ডে।
সেখানে দুই গ্রুপে ভাগ হয়ে তারা লড়বে। পরিশেষে চারটি দল যাবে চূড়ান্ত পর্বে।
ইন্দোনেশিয়ায় এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে প্রতিদ্বন্দ্বিতা করবে মোট আটটি দেশ। জাপান,
উত্তর কোরিয়া ও চীনের সঙ্গে মূল পর্বের টিকিট পেয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) তত্ত্বাবধানে ও সিঙ্গাপুর ফুটবল
ফেডারেশনের ব্যবস্থাপনায় গত ২৬ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ, সিঙ্গাপুর
ও তুর্কমেনিস্তানের অংশগ্রহণে ‘এএফসি অনূর্ধ্ব-১৭ উইমেন্স এশিয়ান কাপ ইন্দোনেশিয়া
২০২৪, (কোয়ালিফায়ার্স)’ এর খেলা জালান বিসার স্টেডিয়াম,
সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে।










