ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের মধ্যেই এলে এসেছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। আজ সকালে ঢাকায় পৌঁছে দুপুরেই সিলেট চলে যায় আইরিশরা। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের মুখোমুখি হবে দলটি। এই সিরিজ সামনে রেখে আজ প্রথম দুই ওয়ানডে ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ।

 

১৮ মার্চ প্রথম ওয়ানডে। এরপর ২০ ও ২৩ মার্চ যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। এই সফরে ওয়ানডে শেষে বাংলাদেশের সঙ্গে তিনটি টি২০ ও একটি টেস্ট খেলবে আইরিশরা।

 

উল্লেখ্য, দুই জাতির সিরিজ খেলতে ১৫ বছর পর বাংলোদেশে এসেছে আইরিশরা। ২০০৮ সালে সর্বশেষ সফরে তারা তিনটি ওয়ানডে খেলে। যদিও ২০১১ সালে ওয়ানডে ও ২০১৪ সালে টি২০ বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিল ইউরোপের দলটি।

 

স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও জাকির হাসান।