জয় দিয়েই মেজর লিগ সকারের নতুন মৌসুম শুরু করেছে ইন্টার মায়ামি। নিজেদের
প্রথম ম্যাচে রিয়েল সল্ট লেককে ২-০ গোলে হারিয়েছে লিওর মায়ামি।
বুধবার (২২ ফেব্রুয়ারি) ঘরের মাঠ চেস স্টেডিয়ামে মায়ামির জয়ে গোল
করেন রবার্ট টেলর ও ডিয়েগো গোমেজ। দুটি গোলেরই অ্যাসিস্ট করেছেন মেসি।
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ী এ অধিনায়ক ম্যাচে খেলেছেন পুরো ৯০
মিনিট । দারুন পারফরমেন্সের মাধ্যমে মৌসুমের শুরুতে ফিটনেস শঙ্কাকে একেবারে উড়িয়ে দিয়েছেন
মেসি।
মেসির সঙ্গে মূল দলে ছিলেন আরো তিন সাবেক বার্সা খেলোয়াড় লুইস সুয়ারেজ,
মিডফিল্ডার সার্জিও বাসকুয়েটস ও লেফট-ব্যাক জোর্দি আলবা।
ম্যাচে প্রথম গোলের দেখা পেতে মায়ামির অপেক্ষা করতে হয়েছে ৩৯ মিনিট।
মেসির পাসে গোলটি করেন টেলর। অবশ্য তাতে সল্ট লেকের গোলকিপার ম্যাকম্যাথেরও অবদান আছে।
খুব বেশি জোরালো শট না হলেও তার হাতের নিচ দিয়ে বল জালে জড়ায়। এক গোলের লিড নিয়ে বিরতিতে
যায় মায়ামি।
অবশ্য সাবধানী সল্ট লেকের
বিপরীতে মেসি ১৮ মিনিটে ৩০ গজ দুর থেকে কার্লিং ফ্রি-কিকে প্রায় গোল করেই ফেলেছিলেন।
কিন্তু তার শটটি লাইনের ওপর থেকে জাস্টেন গ্ল্যাড ক্লিয়ার করেন।
৮৩ মিনিটে মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে সুয়ারেজের কাছে দেন মেসি। এরপর
মেসি সেই বল বাড়িয়ে দেন গোমেজকে। প্যারাগুয়ের এ মিডফিল্ডার সহজ সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান
দ্বিগুণ করেন।
আগামী রোববার লিগের পরবর্তী ম্যাচে লস এ্যাঞ্জেলেস গ্যালাক্সির মুখোমুখি
হবে ইন্টার মায়ামি।










