সৌদি প্রো লিগে বাজে অঙ্গভঙ্গি প্রদর্শন করে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। একই সঙ্গে তাকে ৩০ হাজার সৌদি রিয়ালও জরিমানা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার সৌদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস কমিটি এ সিদ্ধান্ত দিয়েছে।

এ রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন না রোনালদো। নিষেধাজ্ঞার ফলে আল নাসেরের আজকের ম্যাচে থাকতে পারবেন না তিনি।  জরিমানার ৩০ হাজার রিয়ালের ১০ হাজার পাবে সৌদি ফুটবল ফেডারেশন, বাকি ২০ হাজার আল শাবাবের।

সৌদি আরবে খেলতে যাওয়ার পর দর্শকদের আচরণে বিরক্ত হয়ে রোনালদো মেজাজ হারিয়েছেন একাধিকবার। তবে সবশেষ গত রোববার আল শাবাবের বিপক্ষে ম্যাচে এক দর্শক  'মেসি মেসি' করে চিৎকার করলে তার দিকে তাকিয়ে আপত্তিকর ভঙ্গি করেন রোনালদো। তার ওই ভঙ্গির ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে তুমুল সমালোচনায়ও পড়েন তিনি। 

রোনালদোর কাছে ঘটনার ব্যাখ্যা জানতে চেয়েছিল ডিসিপ্লিনারি কমিটি। কিন্তু রোনালদোর মতে তিনি কোন বাজে আচরণ করেননি। ইউরোপিয়ান ফুটবলের দৃষ্টিভঙ্গিতে এটা স্বাভাবিক ব্যাপার। সব খেলোয়াড়ের প্রতি তার শ্রদ্ধা আছে।

 রয়টার্স জানিয়েছে, এথিকস কমিটি রোনালদোকে এক ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানা করেছে। জরিমানার মধ্যে ১০ হাজার রিয়াল দিতে হবে সৌদি ফুটবল ফেডারেশনকে। আর অভিযোগ প্রস্তুতকরণ খরচবাবদ আল শাবাবকে ২০ হাজার রিয়াল। রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই বলে জানিয়েছে কমিটি।

লিগে রোনালদোর দলের পরের ম্যাচ আজই। আল হাজেমের বিপক্ষে ম্যাচটির স্কোয়াডে রাখা হয়েছিল তাঁকে। তবে রায়ের পর নিজেদের মাঠের ম্যাচটিতে খেলার সুযোগ নেই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর।